বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় চার্জশিট পেশ করল পুলিশ। ঘটনার ৫৭ দিনের মাথায় বারুইপুরের বিশেষ পকসো আদালতে ৭০২ পাতার চার্জশিট জমা দিয়েছে সিট। ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ১৪০(৩), ৬৫(১), ৭০(২), ১০৩(১), ২৩৮ এবং ৬১ ধারার পাশাপাশি পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। চার অভিযুক্তের বিরুদ্ধেই চার্জশিট পেশ করা হয়েছে। যদিও মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের ইতিমধ্যেই পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, নাবালিকার ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণ এবং গুরুতর নির্যাতনের প্রমাণ পাওয়া গিয়েছে। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্নের পাশাপাশি কামড় ও আঁচড়ের দাগও ছিল। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, নাবালিকাকে অচেতন অবস্থায় বস্তায় ভরে জলে ডুবিয়ে খুন করা হয়েছিল বলে উল্লেখ রয়েছে।
ঘটনার দ্রুত তদন্তের জন্য পুলিশের তরফে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়। এরপর তদন্তকারীরা বিভিন্ন তথ্য ও প্রমাণ সংগ্রহ করেন। অবশেষে বৃহস্পতিবার বারুইপুর বিশেষ পকসো আদালতে চার্জশিট জমা দেওয়া হল। তদন্তের স্বার্থে পরবর্তীতে সাপ্লিমেন্টারি চার্জশিটও দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত ৫ জুলাই বারুইপুরের ধপধপি-২ পঞ্চায়েতের সূর্যপুর এলাকায় ঘটনাটি ঘটে। ওই এলাকার ১২ বছরের নাবালিকা বিকেলে খাবার কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল। এরপর আর বাড়ি ফেরেনি সে। পরদিন, ৬ জুলাই ভোরে বাড়ির কাছাকাছি একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় তার দেহ উদ্ধার হয়।
পরিবার এবং স্থানীয়দের অভিযোগ ছিল, কয়েকজন যুবক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর খুন করেছে। তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন পুলিশকর্মীরা। সেখানেই শেষবার প্রভাস মণ্ডলের সঙ্গে নাবালিকাকে দেখা যায় বলে তদন্তে উঠে আসে। ঘটনার পর প্রভাস-সহ দু’জনকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ঘটনার পুনর্নিমাণের সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস। সেই সময় পুলিশের এনকাউন্টারে তার মৃত্যু হয়। প্রভাসের মৃত্যুর ঘটনাটিও পৃথকভাবে তদন্ত করা হচ্ছে।
অন্যদিকে, নাবালিকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। সেদিনই এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। পাশাপাশি সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশের উপর হামলা এবং একাধিক বাড়িতে আগুন লাগানো ও ভাঙচুরের ঘটনাও ঘটে। সেই ঘটনায় প্রায় ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাঁরা জেল হেফাজতে রয়েছেন। এবার দ্রুত মূল মামলার বিচারপ্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা যাচ্ছে।







