কলকাতা

নিউমার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, মৃত ৯! শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর শোক কাটতে না কাটতেই ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। বুধবার গভীর রাতে নিউমার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি পুরনো বহুতলে আগুন লাগে। ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন তিনি।

এক্স-এ দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী জানান, কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর তাঁকে গভীর ভাবে ব্যথিত করেছে। যাঁরা এই ঘটনায় তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানান তিনি। আহতদের দ্রুত সুস্থতার প্রার্থনা করার পাশাপাশি উদ্ধার ও সাহায্যের কাজে যুক্ত স্থানীয় প্রশাসনের ভূমিকাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

একই বাড়িতে ছ’টি হোটেল, ভিতরে যেন গোলকধাঁধা

মির্জা গালিব স্ট্রিটের যে বহুতলে আগুন লাগে, সেই ভবনের অগ্নিনিরাপত্তা নিয়েই এখন সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, বাড়িটির মূল প্রবেশপথের প্রস্থ মাত্র পাঁচ ফুটের কাছাকাছি। ভবনের বিভিন্ন তলায় ছোট ছোট হোটেল রয়েছে। সব মিলিয়ে ছ’টি হোটেলের সাইনবোর্ড দেখা যায় সেখানে।

বাড়ির ভিতরের পরিস্থিতিও ছিল অত্যন্ত জটিল। একের পর এক ছোট ঘর, সরু প্যাসেজ এবং বেঁকে যাওয়া লোহার সিঁড়ি দিয়েই পাঁচতলা ভবনে যাতায়াত করতে হত। সামনের প্যাসেজের প্রস্থও প্রায় দেড় ফুট। ফলে আগুন লাগার মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত বেরিয়ে আসার সুযোগ ছিল অত্যন্ত কম। অভিযোগ, ভবনে কোনও ফায়ার এগজিটও ছিল না।

হোটেলের ট্রেড লাইসেন্স নিয়েও প্রশ্ন

এমন একটি ভবনে কী ভাবে একের পর এক হোটেল চলছিল, তা নিয়েই প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেও তাঁর আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তে এসির শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে শুধু আগুন লাগার কারণ নয়, ভবনটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে।

ফের সামনে হোটেল অডিটের পুরনো প্রসঙ্গ

এই ঘটনার পর কলকাতার হোটেলগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের পুরনো অডিটের প্রসঙ্গ সামনে এসেছে। এর আগে জোড়াসাঁকোর একটি হোটেলে অগ্নিকাণ্ডের পর শহরের হোটেলগুলিতে অগ্নিনিরাপত্তার নিয়ম মানা হচ্ছে কি না, তা যাচাই করতে অডিট কমিটি তৈরি হয়েছিল। কিন্তু চারটি বৈঠকের পর সেই উদ্যোগ আর এগোয়নি।

এবার নতুন করে কমিটি তৈরি করে শহরের হোটেলগুলিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হতে পারে বলে জানা যাচ্ছে। পুরসভা সূত্রের দাবি, কলকাতায় প্রায় ৩৭৮৮টি হোটেল রয়েছে। কিন্তু পর্যাপ্ত কর্মীর অভাবে মাত্র ১৫ থেকে ২০টি হোটেলের অডিট করা সম্ভব হয়েছিল। সেই অডিট রিপোর্টও শেষ পর্যন্ত পুরসভা বা দমকলের হাতে জমা পড়েনি বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই নিউমার্কেট থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ফরেন্সিক দল। মৃতদের মধ্যে ঝাড়খণ্ডের এক বাসিন্দার পরিচয়ও জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.