দেশ

পার্কিং করাতে গিয়েই বিপত্তি! শ্রীনগর বিমানবন্দরে খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, অল্পের জন্য রক্ষা যাত্রীরা

ফের বিমানের ঘটনায় চাঞ্চল্য। এবার মাঝআকাশে নয়, বিমানবন্দরে পার্কিং করানোর সময় ধাতব খুঁটিতে ধাক্কা খেল ইন্ডিগোর একটি বিমান। ধাক্কার জেরে খুঁটিটি একদিকে হেলে পড়ে। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন বিমানে থাকা যাত্রী এবং ক্রু সদস্যরা।

জানা গিয়েছে, নভি মুম্বই থেকে শ্রীনগরগামী ইন্ডিগোর বিমানটি বৃহস্পতিবার সকাল প্রায় ৯টা নাগাদ শ্রীনগর বিমানবন্দরের ৬ নম্বর বে-তে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ই আচমকা ধাতব একটি খুঁটিতে ধাক্কা লাগে বিমানের। ঘটনার পর বিমানটিকে আর উড়তে দেওয়া হয়নি।

দুর্ঘটনার পর যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়। সাধারণ সিঁড়ির পরিবর্তে ব্যবহার করা হয় ম্যানুয়াল এয়ারক্রাফট সিঁড়ি। ইন্ডিগোর তরফেও জানানো হয়েছে, বিমানে থাকা প্রত্যেক যাত্রী এবং ক্রু সদস্য নিরাপদে রয়েছেন।

ঘটনার পর নির্ধারিত নিয়ম মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। কীভাবে পার্কিংয়ের সময় এই ধাক্কা লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিমানের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজও শুরু হয়েছে। কর্তৃপক্ষের প্রয়োজনীয় ছাড়পত্র না পাওয়া পর্যন্ত বিমানটি উড়ান থেকে বিরত থাকবে বলে জানিয়েছে বিমান সংস্থা।

তবে এই ঘটনার জেরে শ্রীনগর বিমানবন্দরের স্বাভাবিক পরিষেবায় কোনও প্রভাব পড়েনি। বিমানবন্দরে বিমান ওঠানামা নির্ধারিত সময়সূচি মেনেই চলছে।

মাঝআকাশের বিপদ না হলেও বিমান পার্কিংয়ের সময় এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। যদিও এখনও পর্যন্ত কোনও যাত্রী বা ক্রু সদস্য আহত হওয়ার খবর নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.