সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতালে স্থানান্তরের সরকারি সিদ্ধান্তকে বৈধতা দিল দিল্লি হাইকোর্ট। পাশাপাশি আদালত স্পষ্ট জানিয়েছে, চিকিৎসকদের সঙ্গে সহযোগিতা করা উচিত ওয়াংচুকের। যন্তর-মন্তরে শুরু হওয়া তাঁর অনশন বর্তমানে হাসপাতালেও অব্যাহত রয়েছে। শনিবার দিল্লি পুলিশ তাঁকে যন্তর-মন্তর থেকে সফদরজং হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, ওয়াংচুক চিকিৎসা গ্রহণে অনীহা প্রকাশ করেছেন। এদিকে, তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো। কিন্তু আদালত জানিয়ে দেয়, ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা কোনওভাবেই অযৌক্তিক বা স্বেচ্ছাচারী নয়।
স্ত্রীর আবেদনে কী বলল আদালত?
ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো। তাঁর অভিযোগ ছিল, ওয়াংচুককে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে এবং নিজের পছন্দের হাসপাতালে চিকিৎসা নেওয়ার সাংবিধানিক অধিকার তাঁর রয়েছে। যদিও আদালত এই আবেদন গ্রহণ করেনি। তবে কেন্দ্রীয় সরকার, দিল্লি পুলিশ, সফদরজং হাসপাতাল-সহ সংশ্লিষ্ট পক্ষগুলিকে তিন দিনের মধ্যে বিস্তারিত স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার।
শারীরিক অবস্থার অবনতির কথা তুলে ধরল আদালত
শুনানিতে আদালত জানায়, টানা ১৭ থেকে ১৮ দিন অনশন চালানোর ফলে ওয়াংচুকের শারীরিক পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে। মেডিক্যাল রিপোর্টে রক্তে শর্করা ও পটাশিয়ামের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার তথ্যও উঠে এসেছে। সেই কারণেই তাঁকে যন্তর-মন্তর থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত যথাযথ ছিল বলে আদালতের পর্যবেক্ষণ।
আদালত আরও জানায়, সরকারের মূল লক্ষ্য ছিল ওয়াংচুকের জীবন ও স্বাস্থ্য সুরক্ষিত রাখা। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী বলা যায় না। বিচারপতির মন্তব্য, প্রতিটি নাগরিকের জীবন রক্ষা করা সরকারের অন্যতম দায়িত্ব।
‘আটক নন ওয়াংচুক, সম্মতি নিয়েই চিকিৎসা’
শুনানিতে ওয়াংচুকের আইনজীবী কপিল সিব্বল প্রশ্ন তোলেন, কোনও গ্রেফতারি পরোয়ানা বা ফৌজদারি মামলা ছাড়াই একজন ব্যক্তিকে সরকারি হাসপাতালে থাকতে বাধ্য করা যায় কি না। তাঁর দাবি ছিল, ওয়াংচুকের নিজের পছন্দের হাসপাতাল ও চিকিৎসক বেছে নেওয়ার অধিকার রয়েছে।
এর জবাবে দিল্লি হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, ওয়াংচুককে আটক করে রাখা হয়নি, তিনি সম্পূর্ণ স্বাধীন নাগরিক। আদালত আরও জানায়, সফদরজং হাসপাতালের চিকিৎসকেরা তাঁর সম্মতি নিয়েই চিকিৎসার চেষ্টা করেছেন, জোরপূর্বক কোনও চিকিৎসা করা হয়নি।
পাশাপাশি আদালত উল্লেখ করে, সাধারণ রোগীদের তুলনায় ওয়াংচুকের পরিবারের সদস্যদের জন্য অতিরিক্ত সুবিধার ব্যবস্থাও করা হয়েছে। তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো যে কোনও সময় হাসপাতালে দেখা করতে পারছেন। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যদেরও নির্ধারিত সময়ের বাইরেও সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে।






