অগ্নিনির্বাপনের পরিকাঠামোয় একাধিক ত্রুটি ধরা পড়ায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার নির্দেশ দিল দমকল। বহুতলটির বেসমেন্ট, ষষ্ঠ ও সপ্তম তলা আপাতত ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। দমকলের পরিদর্শনে বিল্ডিংয়ের কয়েকটি অংশকে ‘বিপজ্জনক’ বলেও উল্লেখ করা হয়েছে। সেই কারণেই ওই তিনটি ফ্লোর দ্রুত খালি করার নোটিস জারি করেছে দমকল।
গত সপ্তাহে ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। ঘটনার কয়েক দিন পরেই সংশ্লিষ্ট বহুতলের অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সেখানে যান দমকলের আধিকারিকরা। পরিদর্শনে উঠে আসে একাধিক অনিয়ম। জানা যায়, গত ১০ আগস্ট অভিষেকের অফিসের ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেলেও তা এখনও নবীকরণ করা হয়নি।
এর পাশাপাশি, বহুতলের বেসমেন্ট, ষষ্ঠ এবং সপ্তম তলায় অগ্নিনিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু ঘাটতি নজরে আসে দমকলের আধিকারিকদের। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হয়েছিল। তবে সেই জবাবে সন্তুষ্ট হয়নি দমকল। এরপরই ওই তিনটি তলা খালি করার নির্দেশ দিয়ে নোটিস জারি করা হয়েছে।
দমকলের তরফে জারি করা নোটিসের প্রতিলিপি পাঠানো হয়েছে শেক্সপীয়র সরণি থানা, কলকাতা পুরসভা এবং সিইএসই-কে। ফলে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত ঘাটতি না মেটানো পর্যন্ত বহুতলের ওই তিনটি অংশ ব্যবহার করা যাবে না বলেই স্পষ্ট করেছে দমকল।







