জেলারাজ্য

ফরাক্কায় রেললাইনে ফের ধস, উত্তরবঙ্গের ট্রেন পরিষেবা ব্যাহত, যাত্রীদের জন্য নামল সরকারি বাস

মেরামতির কাজ চলাকালীন নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে ফের রেললাইনে ধস নামায় নতুন করে বিপত্তি তৈরি হয়েছে। এর জেরে কিছুক্ষণের জন্য থমকে যায় মেরামতির কাজও। ধসের প্রভাবে একটি ওভারহেড ইলেকট্রিক পোল বেঁকে গিয়েছে। পরিস্থিতির জেরে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। মালদহ ও মুর্শিদাবাদ ডিভিশনে আটকে পড়েছে বহু ট্রেন।

এই পরিস্থিতিতে ট্রেনে আটকে থাকা যাত্রীদের দুর্ভোগ কমাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আটকে পড়া যাত্রীদের জন্য ট্রেনেই জল ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে অতিরিক্ত সরকারি বাস নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনের বিকল্প হিসেবে এই বাস পরিষেবা যাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে।

ফরাক্কায় রেললাইনে আচমকা ধস নামার ফলে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ কার্যত বিপর্যস্ত। কলকাতা, মালদহ এবং শিলিগুড়ির মধ্যে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় চরম সমস্যায় পড়েছেন কয়েকশো যাত্রী। তাঁদের ভোগান্তি কমাতে এবার সক্রিয় হয়েছে রাজ্যের পরিবহণ দফতর। একাধিক গুরুত্বপূর্ণ রুটে বাড়ানো হয়েছে বাসের সংখ্যা এবং চালু করা হয়েছে বিশেষ পরিষেবা।

কলকাতা-শিলিগুড়ি রুটে অতিরিক্ত ২৩টি বাস চালানো হচ্ছে। শুক্রবার শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশে মোট ১৮টি বাস চলবে। একইসঙ্গে দুর্গাপুর-বালুরঘাট রুটে আরও ২টি বাস বরাদ্দ করা হয়েছে। মালদহ-কলকাতা রুটেও বিশেষ পরিষেবায় ৫টি বাস চালানো হচ্ছে।

এদিকে, সন্ধ্যার পর উত্তরবঙ্গের উদ্দেশে যাত্রা করবেন এমন যাত্রীদের জন্যও বিশেষ ব্যবস্থা করেছে রাজ্য। কলকাতার এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে শিলিগুড়ির এনজিপি বাস টার্মিনাস পর্যন্ত বিশেষ বাস চালু করা হয়েছে। বিকেল সাড়ে ৫টা থেকে প্রতি ঘণ্টায় বাস ছাড়বে। এই পরিষেবা রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে।

ফরাক্কার রেললাইনে ধসের কারণে মালদহ ও মুর্শিদাবাদ ডিভিশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকে রয়েছে। সেই ট্রেনগুলিতে থাকা যাত্রীদের জন্য জল ও খাবারের ব্যবস্থা করেছে প্রশাসন। পাশাপাশি, আটকে থাকা যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে ২০টি সরকারি বাস প্রস্তুত রাখা হয়েছে। এই বাসে যাতায়াতের জন্য যাত্রীদের কোনও ভাড়া দিতে হবে না।

অন্যদিকে, রেলের তরফেও যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চালানো হচ্ছে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। নবান্নের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির উপর ২৪ ঘণ্টা নজর রাখা হচ্ছে এবং যাত্রী সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.