প্রথম শ্রেণির ক্রিকেটে শততম ম্যাচ খেলতে চলেছেন মহম্মদ শামি। জাতীয় দলের দরজা আপাতত তাঁর জন্য বন্ধ থাকলেও বল হাতে এখনও যে ম্যাচের মোড় ঘোরানোর ক্ষমতা তাঁর রয়েছে, তা বারবার প্রমাণ করেছেন বাংলার এই পেসার। দলীপ ট্রফির ফাইনালে পূর্বাঞ্চলের হয়ে ফের একবার নিজের দক্ষতার প্রমাণ দিয়ে নির্বাচকদের বার্তা দিতে চাইবেন তিনি। বিসিসিআইয়ের তরফে এখনও তেমন কোনও উদ্যোগের কথা জানা না গেলেও শামির শততম প্রথম শ্রেণির ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিশেষ সম্মানের আয়োজন করছে সিএবি।
২০১০ সালে বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল শামির। ২০১২ সালে পূর্বাঞ্চলের দলীপ ট্রফি জয়ী দলেও ছিলেন তিনি। দীর্ঘ ১৪ বছর পর ফের দলীপ ট্রফির ফাইনালে পূর্বাঞ্চল। আর সেই ম্যাচটিই হতে চলেছে শামির কেরিয়ারের শততম প্রথম শ্রেণির ম্যাচ। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ফাইনালের আগে বাংলার এই তারকা পেসারের হাতে একাধিক উপহার তুলে দেবে সিএবি।
শামির জন্য ভারতের প্রাক্তন অধিনায়ক এবং সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্বাক্ষর করা একটি বিশেষ বল উপহার দেওয়া হবে। পাশাপাশি থাকবে ‘১০০’ লেখা বিশেষ জার্সি। এছাড়াও এক কেজি ওজনের একটি বিশেষ রুপোর স্মারকও তুলে দেওয়া হবে তাঁকে। এই উপহারগুলি নিয়ে চেন্নাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাস।
এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ৯৯টি ম্যাচ খেলেছেন শামি। তাঁর ঝুলিতে রয়েছে ৩৮২টি উইকেট। এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন ১৫ বার। দলীপ ট্রফির সেমিফাইনালে মধ্যাঞ্চলের বিরুদ্ধে দুরন্ত বোলিং করে পাঁচ উইকেটও নিয়েছেন তিনি।
ঘরোয়া ক্রিকেটের সমস্ত ফরম্যাট মিলিয়ে শামির উইকেটসংখ্যা ৯০০-র কাছাকাছি। ১৪৯টি লিস্ট ‘এ’ ম্যাচে তাঁর সংগ্রহ ২৮৩টি উইকেট। ১৯৬টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি ২৩৮ জন ব্যাটসম্যানকে আউট করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে শততম ম্যাচে পৌঁছনো ভারতীয় ফাস্ট বোলারদের মধ্যে তিনি ষষ্ঠ।
তবে এত কিছুর পরেও জাতীয় দলের বাইরে শামি। রঞ্জি ট্রফি কিংবা আইপিএলে এখনও নিয়মিত উইকেট তুলে নিজের কার্যকারিতা প্রমাণ করছেন তিনি। বল হাতে আগের মতোই আগুন ঝরাতে সক্ষম এই পেসার। কিন্তু ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে তাঁর জায়গা পাওয়ার সম্ভাবনা আপাতত বেশ অনিশ্চিত। জাতীয় দলের নির্বাচকদের নজরের বাইরে থাকলেও নিজের শততম প্রথম শ্রেণির ম্যাচে মাঠে নেমে ফের একবার পারফরম্যান্সের মাধ্যমে জবাব দিতে চাইবেন শামি। আর সেই বিশেষ ম্যাচের আগে তাঁকে সম্মান জানিয়ে পাশে দাঁড়াচ্ছে সিএবি।







