মধ্যপ্রাচ্যে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতির প্রভাব পৌঁছে গিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতেও। আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন ঘটায় সাময়িকভাবে দুবাইয়ে আটকে পড়েন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবং তাঁর পুত্র ইউভান চক্রবর্তী। কয়েক দিন ধরে তাঁদের সঙ্গে পরিবারের যোগাযোগ ছিল কেবল ফোনেই।
কলকাতায় থাকা স্বামী, পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী দফায় দফায় খোঁজ নিলেও উৎকণ্ঠা কাটছিল না পরিবারের সদস্যদের। বিশেষ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে একের পর এক বিস্ফোরণ ও সংঘাতের খবর প্রকাশ্যে আসায় উদ্বেগ আরও বেড়ে যায়।
পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই মেলে স্বস্তির বার্তা। শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গাঙ্গুলি জানান, মেয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং মা-ছেলে দু’জনেই সুস্থ ও নিরাপদে আছেন। দুবাই থেকে ধীরে ধীরে ফ্লাইট পরিষেবা চালু হওয়ায় খুব শিগগিরই কলকাতায় ফেরার পরিকল্পনা করছেন অভিনেত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, বিস্ফোরণের খবর কাছাকাছি এলাকায় থাকলেও হোটেলের ভিতরে নিরাপদেই ছিলেন শুভশ্রী ও ইউভান। প্রথম দিকে যোগাযোগে সাময়িক সমস্যা তৈরি হওয়ায় উৎকণ্ঠা বাড়লেও পরে সরাসরি ফোনে কথা বলে আশ্বস্ত হন পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার জেরে গোটা অঞ্চলে বিমান চলাচলে বড় প্রভাব পড়ে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় বহু যাত্রীই বিপাকে পড়েন। যদিও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং পরিষেবা পুনরায় চালু হওয়ায় একে একে দেশে ফিরছেন অনেকে।
এই মুহূর্তে কলকাতায় রয়েছেন রাজ চক্রবর্তী এবং তাঁদের কন্যা ইয়ালিনি। পরীক্ষার পর ছেলের ইচ্ছেতেই হঠাৎ দুবাই সফরের সিদ্ধান্ত নিয়েছিলেন শুভশ্রী। বিদেশে কাজের সূত্রে বহুবার গিয়েছেন তিনি, কিন্তু সন্তানের সঙ্গে এমন অস্থির পরিস্থিতিতে পড়া স্বাভাবিকভাবেই বাড়িয়ে দিয়েছিল উদ্বেগ।
সব কিছু ঠিক থাকলে আজ-কালের মধ্যেই কলকাতায় ফিরবেন শুভশ্রী ও ইউভান। তাঁদের নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায় এখন পরিবার-পরিজন ও অনুরাগীরা।







