চাকরি জীবনের মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন মেজর ঋষভ সিং সাম্বিয়াল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এডিসি হিসেবে দায়িত্ব পালন করা ঋষভ এখন আর সেই পদে নেই। ১২ বছরের সেনা জীবনের শেষ কয়েকটি বছর তিনি রাষ্ট্রপতির এডিসি হিসেবে কাটিয়েছেন। আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে ব্যক্তিগত জীবনে একাধিক ত্যাগ স্বীকার করতে হয়েছে তাঁকে। পরিবার থেকে দূরে থাকা তো ছিলই, এমনকী বিয়েও করা হয়নি। কেন এমন সিদ্ধান্ত? এবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন ‘ন্যাশনাল ক্রাশ’ হিসেবে পরিচিত ঋষভ।
দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেওয়ার পর তাঁর এডিসি হিসেবে নিযুক্ত হন মেজর ঋষভ। দেশের সাংবিধানিক প্রধানের সঙ্গে তাঁর সম্পর্কও সাধারণ মানুষের নজর কেড়েছিল। সরকারি দায়িত্বের গণ্ডি ছাড়িয়ে নেটমাধ্যমে অনেকেই রাষ্ট্রপতি মুর্মু ও ঋষভের সম্পর্ককে ‘মা-ছেলে’র মতো বলেও অভিহিত করেছিলেন। ৩০ বছর বয়সি প্রাক্তন মেজরও জানিয়েছেন, রাষ্ট্রপতির এডিসি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তাঁকে ব্যক্তিগত জীবনে বেশ কিছু বড় ত্যাগ করতে হয়েছে।
‘ন্যাশনাল ক্রাশ’ মেজর ঋষভকে নিয়ে সবচেয়ে বেশি যে প্রশ্নটি উঠেছে, তা হল—তিনি এখনও বিয়ে করেননি কেন? একটি পডকাস্টে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি জানান, এডিসি হওয়ার ক্ষেত্রে অন্যতম শর্ত হল অবিবাহিত থাকা। তাই দায়িত্ব পাওয়ার পর তিনি বিয়ের সিদ্ধান্ত নেননি। একইসঙ্গে পরিবার থেকেও দীর্ঘ সময় দূরে থাকতে হয়েছে তাঁকে। ঋষভের মতে, এটিই ছিল তাঁর জীবনের অন্যতম বড় ত্যাগ।
প্রাক্তন মেজর আরও জানান, এডিসি হিসেবে দায়িত্ব পালনের সময় কার্যত তাঁর কোনও ব্যক্তিগত জীবন ছিল না। রাষ্ট্রপতির দায়িত্ব সামলানোর সময়ে সাধারণ মানুষের মতো ইচ্ছেমতো বাইরে বেরিয়ে সময় কাটানো বা জীবন উপভোগ করার সুযোগও ছিল না।
এই কঠোর নিয়মের কারণে একাকিত্ব অনুভব করতেন কি না, সেই প্রশ্নেরও খোলামেলা উত্তর দিয়েছেন ঋষভ। তাঁর বক্তব্য, ওই সময়টা তাঁকে নিজের ভালো-মন্দ নিয়ে নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে। একাকিত্ব যে অনুভব করেন, তা স্বীকার করে ঋষভ বলেন, সেই অনুভূতি থেকেও ইতিবাচক কিছু খুঁজে নেওয়ার চেষ্টা করেন তিনি। এখনও প্রতিদিন প্রায় এক ঘণ্টা নিজের জন্য রাখেন। সেই সময়টুকু সম্পূর্ণ নিজের মতো করে কাটান, কারও সঙ্গে থাকেন না।
তবে রাষ্ট্রপতির এডিসি হওয়ার পরিকল্পনা তাঁর আগে থেকে ছিল না। বরং এডিসি নামে কোনও পদ রয়েছে, সেটিই নাকি তিনি জানতেন না। এক বিদেশি সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেওয়ার আগে তাঁর কমান্ডিং অফিসার তাঁকে জানান, এডিসি হওয়ার জন্য তাঁর নাম তালিকাভুক্ত করা হয়েছে।
প্রথমে অবশ্য এই প্রস্তাবে রাজি ছিলেন না ঋষভ। তাঁর কথায়, প্রথম প্রতিক্রিয়াই ছিল ‘না’। তিনি ভেবেছিলেন, সেনাবাহিনীতে আরও অনেক কিছু করার ইচ্ছে রয়েছে তাঁর, কিন্তু এডিসির দায়িত্ব নিতে চান না। পরে অবশ্য সহকর্মী ও পরিচিতদের সঙ্গে আলোচনা করে তাঁদের মতামত নেন। শেষ পর্যন্ত তাঁদের পরামর্শেই এডিসি হওয়ার প্রশিক্ষণ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এরপরই শুরু হয় তাঁর জীবনের এক বিশেষ অধ্যায়—দেশের রাষ্ট্রপতির এডিসি হিসেবে দায়িত্ব পালনের সময়।







