রাজ্য

১৭ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’, ১০ অক্টোবর পর্যন্ত একাধিক কর্মসূচি

সরকারি পরিষেবা আরও সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বড়সড় উদ্যোগ নিল নবান্ন। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে ‘সেবা সংকল্প অভিযান’। চলবে ১০ অক্টোবর পর্যন্ত। রাজ্যের বিভিন্ন দফতর, জেলা প্রশাসন, পুরসভা ও ব্লক প্রশাসনকে সমন্বয়ের মাধ্যমে একাধিক কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

নবান্নের গাইডলাইন অনুযায়ী, সরকারি প্রকল্প সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো, যোগ্য উপভোক্তাদের পরিষেবার আওতায় আনা এবং জনসাধারণের অংশগ্রহণ বাড়ানোই এই অভিযানের মূল লক্ষ্য। ‘বিকশিত ভারত ২০৪৭’-এর ভাবনাকেও সামনে রাখা হয়েছে।

১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচির মাধ্যমে অভিযানের সূচনা হবে। সরকারি প্রকল্পের উপভোক্তা ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে প্রদীপ প্রজ্বলনের আয়োজন করা হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে ৫০ হাজার প্রদীপ সংগ্রহের উদ্যোগ নিতে পারবে জেলা ও ব্লক প্রশাসন। ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থানেও সাধারণ মানুষের অংশগ্রহণে প্রদীপ জ্বালানোর পরিকল্পনা রয়েছে।

এর পাশাপাশি ১৭ থেকে ৩০ সেপ্টেম্বর চলবে ‘আমার স্বপ্নের ভারত-চিত্র সেবা’। স্কুল ও উচ্চশিক্ষা দফতরের উদ্যোগে বক্তৃতা, অঙ্কন, প্রবন্ধ প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন হবে। ‘নমো সেবা-অজানা কাহিনি’ কর্মসূচিতে গান ও নাটকের মাধ্যমে জনসেবা এবং জনকল্যাণমূলক কাজ তুলে ধরা হবে।

১৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলবে ‘সেবার কাহিনি’। সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের অভিজ্ঞতা ভিডিও, ছবি, রিল ও লেখার মাধ্যমে তুলে ধরবে জেলা প্রশাসন। ২০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ‘সেবায় আমার যোগদান’ কর্মসূচিতে বৃক্ষরোপণ, পরিবেশ, স্বাস্থ্য ও শিক্ষার মতো কাজে সাধারণ মানুষকে যুক্ত করা হবে। শিবির থেকেই যোগ্য উপভোক্তাদের নথিভুক্ত করার ব্যবস্থাও থাকবে।

এছাড়াও ৬ অক্টোবর ‘সেবার রঙে, দেশের সঙ্গে’, ৭ অক্টোবর ‘সেবা জ্যোতি কলস যাত্রা’ এবং ৯ অক্টোবর ‘সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ’ আয়োজনের পরিকল্পনা রয়েছে। শেষ কর্মসূচিতে বিজ্ঞান, প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, শিল্প-বাণিজ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং ক্রীড়াক্ষেত্রের উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরা হবে। কলকাতাকে অন্যতম আঞ্চলিক কেন্দ্র হিসেবে প্রস্তাব করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.