রাজনীতি

রেজিনগরে সিপিএমের প্রার্থী ঘোষণার পরই ‘বিদ্রোহ’! পাল্টা প্রার্থী আরএসপির, প্রশ্ন বামেদের ঐক্য নিয়ে

গত শনিবার রেজিনগর উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে সিপিএম। আইনজীবী সৈয়দ আসাদ আলিকে ওই কেন্দ্র থেকে প্রার্থী করেছে তারা। কিন্তু সিপিএমের এই সিদ্ধান্তে আপত্তি তুলেছে বামফ্রন্টের শরিক আরএসপি। শুধু আপত্তি জানানোই নয়, রবিবার রেজিনগরে পাল্টা প্রার্থীও ঘোষণা করেছে তারা। ফলে বাম শিবিরের অন্দরেই কি তৈরি হয়েছে বিভাজন? প্রার্থী বাছাইকে কেন্দ্র করে কি প্রকাশ্যে এসেছে শরিকি দ্বন্দ্ব? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

এরই মধ্যে প্রাসঙ্গিক হয়ে উঠেছে প্রবীণ সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের বক্তব্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি কংগ্রেসের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করেন। তাঁর কথায়, “অন্য জায়গায় বলতে পারব না। তবে আমি তো চাইব শিলিগুড়িতে বামেদের সঙ্গে জোট হোক। বোঝাপড়া হোক।” অর্থাৎ আসন্ন পুরভোটে বামেদের কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে লড়াই করা উচিত বলেই মত প্রকাশ করেন তিনি। আর সেই সময়েই বামেদের শরিক দলের মধ্যে প্রার্থী দেওয়া নিয়ে দেখা দিল মতবিরোধ।

রবিবার রেজিনগর কেন্দ্র থেকে বিকাশচন্দ্র মিশ্রকে প্রার্থী ঘোষণা করেছে আরএসপি। শরিক দলের দাবি, দীর্ঘদিন ধরেই এই আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। ২০২১ সালে জোটের স্বার্থে রেজিনগর আসনটি কংগ্রেসকে ছেড়ে দেওয়া হয়েছিল। এরপর ২০২৬ সালে ‘ওয়েস্ট বেঙ্গল সোশালিস্ট’ পার্টির জন্যও আসনটি ছেড়ে দেওয়া হয়। সেই কারণে এবার রেজিনগর থেকে প্রার্থী দেওয়ার দাবিদার তারাই বলে দাবি আরএসপির।

কিন্তু সেই দাবিকে উপেক্ষা করেই সিপিএম নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বলে অভিযোগ শরিক দলের। আর তারই প্রতিবাদে এবার এককভাবে বিকাশচন্দ্র মিশ্রের নাম ঘোষণা করল আরএসপি। ফলে রেজিনগরকে কেন্দ্র করে বাম শিবিরের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.