সংসদে স্মোককাণ্ডের জেরে শোরগোল রাজনীতিজুড়ে। এহেন আবহেই এবার ঘটনার মাষ্টারমাইন্ড ললিত ঝা-কে যুব তৃণমূলের পদাধিকারী বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিষয়ে দিল্লি পুলিসকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছেন বলেও দাবি করেছেন শুভেন্দু। এই প্রসঙ্গে দিলীপের উবাচ, ‘পশ্চিমবাংলা থেকে বোমা-বন্দুক উগ্রপন্থী ক্রিয়া কলাপ থেকে উৎসাহ নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে’।
বিশেষভাবে উল্লেখ্য, তদন্তকারীরা জানিয়েছেন, লোকসভায় হলুদ রঙের ধোঁয়া ছড়িয়ে আদতে সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল ললিত, সাগররা। পরবর্তীতে, একটি রাজনৈতিক দল খোলার পরিকল্পনা ছিল তাদের। নিজেদের মতামত ব্যক্ত করার এটাই একমাত্র উপায় হিসেবে মনে করেছিল তারা।
বিজেপির দাবি, সংসদে স্মোক ক্যান নিয়ে হামলার অন্যতম ষড়যন্ত্রী আসলে তৃণমূলের যুব সংগঠনের কর্মী! সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়দের পরে রাজ্য বিজেপির এক্স হ্যান্ডলে কিছু ছবি পোস্ট করা হয়। একাধিক ছবিকে জুড়ে তৈরি হয়েছে একটি ফ্রেম। কোনও ছবিতে তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে, কোনওটায় যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সৌম্য বক্সীর সঙ্গে ললিতকে দেখা যাচ্ছে বলে দাবি করেছে গেরুয়া দল। যার প্রেক্ষিতে দিলীপের মন্তব্য, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছিলেন এখান থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশে উৎপাত করে। বারবার কেন পশ্চিম বাংলার দিকে আঙুল ওঠে? উগ্রপন্থী গ্যাংস্টার লুকিয়ে থাকে তার ইনফরমেশন থাকে না। এখনকার মানুষ তো ভগবানের ভরসায় বেঁচে আছেন!’







