রাজনীতিরাজ্য

শওকতের বাড়িতে এনআইএ-র হানা, আটক ছেলে ইমরান

ভোরবেলাতেই ভাঙড়ের প্রভাবশালী তৃণমূল নেতা শওকত মোল্লার বাড়িতে পৌঁছয় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়ার দক্ষিণ বামুনিয়া গ্রামে ঘটে যাওয়া বোমা বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যুর খবর সামনে এসেছিল। সেই মামলার তদন্ত অনেকদিন ধরেই চালাচ্ছিল এনআইএ। সূত্রের খবর, ওই ঘটনার সূত্র ধরেই বৃহস্পতিবার শওকত মোল্লার বাড়িতে তল্লাশি চালানো হয়।

তদন্ত চলাকালীন ভোটের ঠিক আগে গ্রেফতার করা হয়েছিল তৃণমূলের আরেক প্রভাবশালী নেতা ওহিদুল মোল্লাকে। এরপর থেকেই শওকত মোল্লার ভূমিকা নিয়েও নানা জল্পনা শুরু হয়। অবশেষে এদিন ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়কের মৌখালির বাড়িতে পৌঁছয় এনআইএ-র দল। জানা গিয়েছে, অভিযানের সময় বাড়িতে উপস্থিত ছিলেন না শওকত। তবে তাঁর ছেলে ইমরানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তকারীরা তাঁকে সঙ্গে নিয়ে মৌখালির একাধিক এলাকায় যান বলেও সূত্রের দাবি।

অন্যদিকে, বুধবার রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘ টানাপোড়েনের পর বিধানসভার বিরোধী দলনেতার আসনে বসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব গ্রহণের পরই তিনি তৃণমূল নেতৃত্ব, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এর মধ্যেই বুধবার রাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শওকত মোল্লার বৈঠকের খবর সামনে আসে। সূত্রের দাবি, বিধানসভায় বিরোধী দলনেতার কক্ষে প্রায় দশ মিনিট তাঁদের মধ্যে আলোচনা হয়। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই মূলত কথা হয়েছে বলে জানা গিয়েছে। এই আকস্মিক সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.