নর্থইস্ট ইউনাইটেড এফসি ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২৪-২৫ মৌসুমে বৃহস্পতিবার জামশেদপুর এফসিকে ২-০ গোলে হারিয়ে প্লে-অফের দৌড়ে নিজেদের শক্ত অবস্থান তৈরি করল। এই জয়ের নায়ক হলেন মরক্কোর স্ট্রাইকার আলােয়েদ্দিন আজারাই, যিনি এক মৌসুমে সর্বাধিক গোলের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন।
এই জয়ে ২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে নর্থইস্ট উঠে এসেছে চতুর্থ স্থানে। জামশেদপুরের মাঠে এটি নর্থইস্টের প্রথম জয়, যা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।
ম্যাচের মাত্র ছয় মিনিটেই আজারাই প্রথম গোল করেন, যা ছিল তার ১৯তম গোল। রিডিম ত্লাং-এর দারুণ মুভ থেকে থই সিংহ ক্রস বাড়ান, আর আজারাই নিখুঁত শটে গোলরক্ষক আলবিনো গোমসকে পরাস্ত করেন।
জামশেদপুর এরপর ম্যাচে ফেরার চেষ্টা করলেও নর্থইস্টের জমাট রক্ষণভাগ তাদের আটকে রাখে। হাফ টাইমের ঠিক আগে রিলায়েন্স ইয়াং চ্যাম্পসের তরুণ মোহাম্মদ সানানের শট গোললাইন থেকে বাঁচান মিচেল জাবাকো।
৭৯তম মিনিটে জামশেদপুরের ডিফেন্ডার নিখিল বারলা বক্সের মধ্যে থই সিংহকে ফাউল করলে নর্থইস্ট পেনাল্টি পায়। প্রথম শটে গোলরক্ষক আটকালেও ফিরতি বলে আজারাই ঠিকই গোল করেন, যা তার ২০তম গোল এবং নতুন আইএসএল রেকর্ড।
এই জয়ের ফলে নর্থইস্টের প্লে-অফের স্বপ্ন আরও জোরদার হলো, আর আজারাই নিজের নাম লেখালেন আইএসএলের ইতিহাসে।







