খেলাধুলা

গম্ভীরের ঘর ছেড়ে শাহরুখের দলে নায়ার, নাইটদের পুরনো অস্ত্র ফিরল নতুন লক্ষ্যে

ভারতীয় ক্রিকেটে একটি ‘রোলার কোস্টার’ অধ্যায়ের নাম এখন অভিষেক নায়ার। জাতীয় দলের সহকারী কোচের পদ হারানোর ৪৮ ঘণ্টার মধ্যেই পুরনো ঘরে ফিরলেন তিনি—কলকাতা নাইট রাইডার্সে। একসময় গম্ভীরের ডাকে জাতীয় দলে যোগ দেওয়া নায়ার আবার এখন শাহরুখ খানের দলে, কেকেআরের সহকারী কোচ হিসেবে।

কেকেআরের সমাজমাধ্যমেই ঘোষিত হয়েছে এই প্রত্যাবর্তন। ‘ঘরে স্বাগত’ বার্তায় স্পষ্ট ইঙ্গিত—নায়ারের ফেরাকে ঘিরে ভরসা রাখছে নাইট শিবির। শনিবার ইডেনে দলের অনুশীলনে উপস্থিত থাকতে পারেন তিনি। অর্থাৎ, কলকাতায় পা রেখেই নতুন দায়িত্বে মনোনিবেশ করতে চলেছেন এই প্রাক্তন ক্রিকেটার।

২০১৮ সাল থেকে কেকেআরের সঙ্গে যুক্ত নায়ার ছিলেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে। মেন্টর থেকে সহকারী কোচ, দলের ভারতীয় স্কোয়াড গঠনে তাঁর চোখ ছিল তীক্ষ্ণ। রিঙ্কু সিংহ, রমনদীপ সিংহের মতো প্রতিভা উঠে এসেছে তাঁর মাধ্যমে। গত মরসুমে গম্ভীর-নায়ার জুটি সফল ছিল। দলকে চ্যাম্পিয়ন করেছিল কেকেআর। তাই নায়ারের ফেরা মানে সেই ভারসাম্যের প্রত্যাবর্তন।

তবে জাতীয় দলের সফরটা তেমন স্মরণীয় হয়নি নায়ারের। বিশেষ করে ব্যাটিং কোচ হিসেবে টেস্টে ব্যর্থতা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও অব্যাহত সমালোচনা—সবই ক্ষুণ্ন করেছে তাঁর ভাবমূর্তি। শেষমেশ, সীতাংশু কোটক তাঁর স্থলাভিষিক্ত হন জাতীয় দলে।

গম্ভীরের সংসার থেকে বাদ পড়েও কেকেআরের মতো বড় মঞ্চে ফেরা নায়ারের কোচিং ক্যারিয়ারের জন্য বড় সুযোগ। এখন দেখার, তাঁর ফেরায় নাইট ব্যাটিং লাইন-আপে নতুন ছন্দ ফেরে কি না। কারণ, শাহরুখের দলের প্রত্যাশা এবার ফের একবার শিরোপা ছোঁয়ার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.