হানিমুনে পাহাড়ে গিয়ে সুখের সময় কাটানোর কথা ছিল নবদম্পতির। কিন্তু হোমস্টেতে বার্বিকিউ করার সময় আচমকাই ভয়াবহ দুর্ঘটনা। আগুনে গুরুতর দগ্ধ হন নববধূ নিকিতা। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতেও। এবার সেই ঘটনায় হোমস্টের মালিক-সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি দার্জিলিংয়ের সিটং এলাকার একটি হোমস্টের। অভিযোগ, রাতে বার্বিকিউয়ের আয়োজন করা হয়েছিল। সেই সময় বার্বিকিউয়ের ট্রেতে কেরোসিন ঢালা হয় বলে অভিযোগ। এরপরই আগুন আচমকা ভয়াবহ আকার নেয়। আগুনের শিখায় গুরুতর জখম হন নিকিতা।
ঘটনায় গ্রেফতার করা হয়েছে হোমস্টের মালিক নেহাল আজরান, অংশীদার পবনকুমার অগ্রবাল, কর্মী দীপেন লামা এবং নাসির উদ্দিনকে। ধৃত নাসির উদ্দিন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা। অভিযোগ, তিনিই বার্বিকিউয়ের ট্রেতে কেরোসিন ঢেলেছিলেন। বাকি তিনজন কার্শিয়াংয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার পর নিকিতাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি। আগুনে তাঁর শরীরের বেশ কয়েকটি অংশ মারাত্মকভাবে পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
নিকিতার স্বামী সৌভিকের দাবি, শুক্রবার পর্যন্ত স্ত্রী অল্পস্বল্প কথা বলতে পারছিলেন। কিন্তু শনিবার থেকে সেই শক্তিটুকুও আর নেই। চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন, সুস্থ হতে সময় লাগবে।
পরিবারের অভিযোগ, হোমস্টেতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল না। সেই কারণেই দুর্ঘটনার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে তাঁদের দাবি। গোটা ঘটনায় হোমস্টে কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে পরিবার।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বার্বিকিউয়ের সময় ঠিক কীভাবে আগুন ছড়িয়ে পড়ল এবং নিরাপত্তাবিধি মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।







