আবহাওয়া

উইকেন্ডে স্বস্তি, তারপরই ফের বৃষ্টির ভ্রুকুটি! নিম্নচাপ ঘিরে বদলাবে বাংলার আবহাওয়া

বর্ষার বিদায় পর্ব শুরু হয়ে গেলেও এখনই স্বস্তি মিলছে না বাংলায়। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও সপ্তাহের মাঝামাঝি ফের বাড়তে পারে বৃষ্টি। এরই মধ্যে উত্তর আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে ১৯ সেপ্টেম্বরের মধ্যে নিম্নচাপ তৈরির সম্ভাবনা জানিয়েছে মৌসম ভবন। সেটি পরবর্তী সময়ে আরও শক্তি বাড়িয়ে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতে পারে।

তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে—এমন কোনও সরকারি পূর্বাভাস নেই। কিছু আবহাওয়া মডেলে সিস্টেমটির আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা দেখা গেলেও, আইএমডি এখনও নিম্নচাপ হিসেবেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ফলে ‘ঘূর্ণিঝড়’ নিয়ে এখনই নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনোর সময় হয়নি।

শনিবার-রবিবার কেমন থাকবে আবহাওয়া?

শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবারও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টির ব্যাপকতা কিছুটা কমবে।

সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে। এই দু’দিন আপাতত কোনও বড় সতর্কতা নেই।

বুধবার থেকেই ফের বদল

আবহাওয়ার ছবিতে ফের পরিবর্তন দেখা যেতে পারে বুধবার থেকে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

উত্তরবঙ্গেও আপাতত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তাহের শুরুতে সাময়িক স্বস্তি মিললেও মাঝ সপ্তাহে ফের সক্রিয় হতে পারে বর্ষার দাপট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.