দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা Special Intensive Revision (SIR)-এ একের পর এক হাইপ্রোফাইল ভোটারের নাম উঠে আসছে নোটিসের তালিকায়। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও তাঁর স্ত্রী কিয়োকো জয়শঙ্কর, CBI ডিরেক্টর প্রভীন সুদ, প্রাক্তন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা দেশাই ও তাঁর পরিবারের সদস্যদের নোটিস পাঠানো হয়েছে।
এই তালিকায় রয়েছেন প্রাক্তন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও তাঁর পরিবারের সদস্যরাও। প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর মেয়ে প্রতিভা এবং পুত্রবধূ গীতিকা নোটিস পেলেও তাঁর ছেলে জয়ন্তের ভোটার তথ্যের ম্যাপিংয়ে সমস্যা পাওয়া যায়নি।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বর্তমান ভোটার তথ্য আগের SIR-এর ভোটার তালিকার সঙ্গে মেলানো না গেলে, অথবা নাম ও পারিবারিক তথ্যের মধ্যে অসঙ্গতি থাকলে নোটিস পাঠানো হচ্ছে। নোটিস পাওয়া মানেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নয়। সংশ্লিষ্ট ভোটারকে প্রয়োজনীয় নথি দিয়ে নিজের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হবে।







