ওপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গতি বাড়িয়ে ফের রাজ্যে ঘনঘন সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে রাজনৈতিক ব্যস্ততার মাঝেও শুক্রবার সকালে তাঁর এক অন্য রূপ ধরা পরল কলকাতায় ক্যামেরা হাতে একেবারে পর্যটকের মেজাজে।
ভোরের আলো ফুটতেই গঙ্গার বুকে নৌকায় চেপে ভ্রমণে বেরিয়ে পড়েন তিনি। সেই সময় নিজের ক্যামেরায় বন্দি করেন শহরের ঐতিহ্য হুগলি নদী, বিদ্যাসাগর সেতু হাওড়া ব্রিজেরমনোরম দৃশ্য। পরে সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন প্রধানমন্ত্রী। প্রাতঃভ্রমণকারী ও নৌকার মাঝিদের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাঁকে, এমনকি তাঁদের সঙ্গে ছবিও তোলেন তিনি। এর আগের দিন, বৃহস্পতিবার, রাজ্যে প্রচারে এসে দিল্লি ফিরে না গিয়ে কলকাতার রাজভবনেই রাত কাটান মোদী। শুক্রবার সকালেই তাঁর কর্মসূচি থাকায় শহরের একাধিক রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়, কিছু রাস্তায় ঘুরিয়ে দেওয়া হয় যানবাহন।
এদিন উত্তর ২৪ পরগনার পানিহাটিতে জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনাতেও তাঁর যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে হাওড়ায় রোডশো করার পাশাপাশি বেলুর মঠে গিয়েছিলেন তিনি। ঘনিষ্ঠ মহলের দাবি, সফরে বেরোলেই ক্যামেরা সঙ্গে রাখেন মোদী। দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যের ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতেই এই সফর বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের একাংশের। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে কলকাতাতেই থেকে প্রচারে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী।







