রাজ্যজুড়ে জ্বালাপোড়া গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী তাপমাত্রা আরও বাড়তে পারে, জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। এই অস্বস্তিকর আবহাওয়ায় মানুষের পাশাপাশি সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে বাড়ির পোষ্যরা। বিশেষজ্ঞদের মতে, গরমে পোষ্যদের খাদ্যাভ্যাসে বড় পরিবর্তনের প্রয়োজন না হলেও জল এবং হাইড্রেশনের দিকে বাড়তি নজর দেওয়া জরুরি।
প্রবল গরমে অনেক সময় পোষ্যরা খাবার খাওয়া কমিয়ে দেয় এবং ডিহাইড্রেশনে ভোগে। তাই তাদের শরীরে পর্যাপ্ত জল পৌঁছচ্ছে কিনা, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় কিছু সাধারণ খাবারই পোষ্যদের জন্য উপকারী হতে পারে।
দই গরমে পোষ্যদের জন্য অত্যন্ত উপকারী। এটি প্রাকৃতিক প্রোবায়োটিক হওয়ায় হজমে সাহায্য করে এবং শরীর ঠান্ডা রাখে। ভাত বা রুটির সঙ্গে দই মিশিয়ে দেওয়া যেতে পারে। তরমুজও একটি ভালো বিকল্প—প্রায় ৯০ শতাংশ জলযুক্ত এই ফলে ভিটামিন ও মিনারেল থাকে, যা শরীরকে হাইড্রেটেড রাখে। তবে তরমুজ দেওয়ার সময় বীজ ফেলে দেওয়া জরুরি।
শসা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং এতে ভরপুর ভিটামিন রয়েছে। দইয়ের সঙ্গে মিশিয়ে দিলে আরও উপকার পাওয়া যায়। এছাড়া পাকা আম পরিমিত পরিমাণে দিলে পোষ্যের শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টের জোগান মেলে। ডাবের জলও গরমে একটি কার্যকর পানীয়—এতে থাকা ইলেক্ট্রোলাইট শরীরকে সতেজ রাখে।
চিকিৎসকদের পরামর্শ, পোষ্যের আচরণে পরিবর্তন—যেমন হাঁপানো, দুর্বলতা বা খাওয়ায় অনীহা—দেখা দিলে দ্রুত ভেটেরিনারি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। সামান্য সচেতনতাই পারে এই গরমে পোষ্যদের সুস্থ রাখতে।







