দামি ক্রিম, সিরাম কিংবা প্রসাধনী নয়—রূপচর্চায় বরং হেঁশেলের ঘরোয়া উপাদানেই ভরসা রাখেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। ৪০ পেরিয়েও নিজের ত্বকের যত্ন কী ভাবে নেন, সেই অভ্যাসের কথাই জানিয়েছেন অভিনেত্রী।
রূপাঞ্জনার দিনের শুরু হয় যোগাসন, প্রাণায়াম ও ধ্যান দিয়ে। প্রায় ৮-৯ বছর ধরে এই অভ্যাস চালিয়ে আসছেন তিনি। তাঁর মতে, শরীর ও মন ভাল রাখার পাশাপাশি ত্বকের যত্নেও এই রুটিনের প্রভাব পড়ে।
খাবারের ক্ষেত্রেও খুব কড়া ডায়েট অনুসরণ করেন না অভিনেত্রী। গরমের দিনে পান্তাভাত বা কঞ্জি দিয়ে দিন শুরু করতে পছন্দ করেন। ভাত, ডাল, আলুসেদ্ধ ও তরকারিই তাঁর পছন্দের খাবার। ওজন কমানোর জন্য ভাত একেবারে বাদ দেওয়ার পক্ষপাতী নন তিনি। বরং শরীরের জন্য উপযুক্ত ওজন বজায় রাখাকেই গুরুত্ব দেন।
পর্যাপ্ত জল পান করার পাশাপাশি টক দইও খান রূপাঞ্জনা। আর ত্বকের যত্নে তাঁর অন্যতম ভরসা ঘরোয়া টোটকা। আলুর খোসা দিয়ে চোখের তলার কালচে ভাব কমানোর চেষ্টা করেন, ধনেপাতা বাটা ব্যবহার করেন মুখের দাগছোপের জন্য। সপ্তাহে এক দিন টক দই, মধু ও কফির মিশ্রণও মুখে লাগান বলে জানিয়েছেন তিনি। গরমের দিনে মুখে বরফ ঘষার অভ্যাসও রয়েছে।
সবচেয়ে চমকপ্রদ অভ্যাসগুলির একটি হল দুধ দিয়ে স্নান। কখনও কখনও জলে অল্প দুধ মিশিয়ে স্নান করেন অভিনেত্রী। তাঁর বিশ্বাস, এতে ত্বক ভাল থাকে এবং শরীরে প্রাকৃতিক সুগন্ধও বজায় থাকে।
তবে এগুলি রূপাঞ্জনার ব্যক্তিগত অভ্যাস ও অভিজ্ঞতা। সব ধরনের ঘরোয়া উপাদান সবার ত্বকে একই ভাবে কাজ নাও করতে পারে। নতুন কিছু ব্যবহারের আগে নিজের ত্বকের ধরন অনুযায়ী সতর্ক থাকা জরুরি।







