নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনী হলফনামা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করল কংগ্রেস। মূলত তাঁর জন্মসাল এবং মাধ্যমিক পাশের বছর নিয়ে অসঙ্গতির অভিযোগ উঠেছে। বুধবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন কংগ্রেস নেতা তথা আইনজীবী ঋজু ঘোষাল।
ঋজু ঘোষালের বক্তব্য, হাসিরানি রথের হলফনামায় জন্ম ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত যে তথ্য দেওয়া হয়েছে, তা পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। হলফনামায় তাঁর বয়স ৬০ বছরের বেশি বলে উল্লেখ করা হয়েছে। সেই হিসেবে তাঁর জন্ম ১৯৬৬ সাল নাগাদ হওয়ার কথা। অথচ সেখানে মাধ্যমিক পাশের বছর হিসেবে ১৯৬৫ সাল উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, জন্মের আগেই কীভাবে তিনি মাধ্যমিক পাশ করলেন, তা নিয়েই প্রশ্ন তুলেছে কংগ্রেস।
এ বিষয়ে মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৃষ্ণ রাও। বৃহস্পতিবার মামলাটির শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।
হাসিরানি রথের হলফনামা অনুযায়ী, তাঁর জন্মসাল আনুমানিক ১৯৬৫। পাশাপাশি সেখানে উল্লেখ করা হয়েছে, ১৯৬৫ সালে তিনি চৌখালী গঙ্গা পদ্মা মিলন কন্যা বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্রী ছিলেন। এই তথ্য নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস।
অভিযোগকারীদের দাবি, যদি জন্মসাল ১৯৬৫ হয়, তাহলে একই বছরে কীভাবে তিনি দশম শ্রেণির ছাত্রী হতে পারেন? বিতর্ক আরও বাড়ে সংশ্লিষ্ট স্কুলের ইতিহাস ঘিরে। জানা গিয়েছে, ১৯৬৩ সালে স্কুলটির পথচলা শুরু হলেও তখন সেখানে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানোর ব্যবস্থা ছিল। দশম শ্রেণি পর্যন্ত পড়ানোর সরকারি অনুমোদন স্কুলটি পায় ১৯৭৩ সালে।
এই বিষয়টি নিয়ে মঙ্গলবারই প্রশ্ন তুলেছিল প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভাশিস ভট্টাচার্য দাবি করেন, সংশ্লিষ্ট স্কুল মাধ্যমিক স্তরে পড়ানোর অনুমোদন পেয়েছিল ১৯৭৩ সালে। তাহলে তার আগে কীভাবে হাসিরানি রথ মাধ্যমিক পাশ করলেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর তরফেও বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি জানানো হয়েছিল।
এবার সেই অভিযোগই আদালতের দরজায় পৌঁছল।







