তমলুক টাউন ক্রেডিট কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচন ঘিরে ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। রবিবার সকাল থেকেই নির্বাচন কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিজেপি এবং তৃণমূল প্রার্থীদের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এর আগে থেকেই গোষ্ঠীকোন্দলে ফাটল ধরেছিল তৃণমূলে। ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দন ঘোড়াইকে দলীয় প্যানেল থেকে বাদ দেন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শহর তৃণমূল সভাপতি চঞ্চল খাঁড়া। এরপর নির্দল হিসেবে লড়াই করেন চন্দন ঘোড়াই এবং জয়লাভ করেন।
ভোট শেষে বোর্ড গঠন করে তৃণমূল, তবে চন্দনের জয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধে। ১৬ নম্বর ওয়ার্ডের আরেক কাউন্সিলর দেবশ্রী দাস মাইতি অভিযোগ করেন, চন্দন ঘোড়াই সহ একাধিক প্রার্থীকে জোর করে নির্দল তকমা দেওয়া হয়েছে, যদিও তারা তৃণমূলেরই। চন্দন নিজেও জানান, তিনি তৃণমূল করতেন এবং তৃণমূলেই থাকবেন।
এই প্রসঙ্গে চঞ্চল খাঁড়া বলেন, সুষ্ঠু নির্বাচনেই নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন, এতে চিন্তার কিছু নেই। তিনি এই জয় সেনাবাহিনীর উদ্দেশে উৎসর্গ করেন।
তবে এই গোষ্ঠীদ্বন্দ্বকে হাতিয়ার করেছে বিজেপি। বিজেপি কাউন্সিলর শবরী চক্রবর্তী বলেন, “একদিকে তৃণমূলের প্রার্থী, অন্যদিকে নির্দল প্রার্থী—দুজনেই তৃণমূলের। মানুষ বুঝে গিয়েছে, তৃণমূলের ভিতরে ফাটল ধরেছে।”
নির্বাচনের ফলাফলের থেকেও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তোলপাড় তমলুকের রাজনৈতিক মহলে।







