নিজের বলতে তাঁর কেউই নেই। পিতৃমাতৃহীন মৃত হিন্দু প্রতিবেশীকে শ্মশানে নিয়ে যান মুসলমান যুবক। হিন্দু শাস্ত্রীয় মতে রীতিনীতি মেনেই তাঁর সৎকার করেছিলেন রেজাউল করিম মল্লিক। আর ঠিক নিয়ম মেনে ১৩ দিন পর ডায়মন্ড হারবারে গঙ্গার ধারে প্রতিবেশীর পারলৌকিক ক্রিয়াও তিনি সারলেন। ধর্মীয় সংস্কারের ঊর্ধ্বে যে মানবতা আছে তা প্রমাণ করলেন রেজাউল। আর তাঁর এই কাজে প্রশংসায় পঞ্চমুখ গোটা ডায়মন্ড হারবার।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিলক রায়ের পরিবারে কেউ নেই। তাঁর বাবা-মা দু’জনেরই বেশ কয়েক বছর আগেই মৃত্যু হয়েছে। স্ত্রীর সঙ্গেও তার বিচ্ছেদ হয়ে যায়। বাড়িতে একাই ছিলেন তিলক। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। আর তার পরেই মৃত্যু হয় তাঁর। শোনা গিয়েছে, তারপর কয়েকজন হিন্দু ও মুসলমান যুবককে সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবার কালীনগর শ্মশানে গিয়ে রেজাউল দেহ দাহ করেছিলেন। এমনকি নিয়ম মেনে তিনি কাছাও নিয়েছিলেন।
আর তারপর ১৩ দিন পর হিন্দু রীতিনীতি মেনে ওই মুসলমান যুবক ডায়মন্ড হারবারে হুগলি নদীর ধারে একটি ইটভাটায় তিলকের শ্রাদ্ধানুষ্ঠান করলেন। ব্রাহ্মণের মন্ত্রোচ্চারণে সুষ্ঠুভাবেই ওই মৃত যুবকের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হল। এমনকি শ্রাদ্ধানুষ্ঠান শেষে ইটভাটা এলাকায় দুস্থ শ্রমিক পরিবারের ৩২৫ জন বালক ও কিশোরকে বসিয়ে পেটপুরে দুপুরের খাবারও খাওয়ালেন রেজাউল। আজকের দিনে সত্যি এমনটা ভাবাই যায় না।
আরও একবার হিন্দু মুসলিমের ঐক্যের ছাপ স্থাপন হল ডায়মন্ড হারবার শহরে। রেজাউলের এমন মানবিকতায় এলাকার বাসিন্দারা দারুণ খুশি। দুই ধর্মের বিভিন্ন শ্রেণির মানুষই রেজাউলের জন্য গর্বিত। তাঁদের কথায়, “যে যার ধর্মীয় সংস্কার, রীতিনীতি আছে এবং থাকবে। তবু সেসবের উপরেও যে মানবধর্ম তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন রেজাউল। ডায়মন্ড হারবারবাসী হিসেবে আমরা গর্বিত”।







