ইতিমধ্যেই আইপিএলের প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে টিম দিল্লি ক্যাপিটালস। সৌরভ গঙ্গোপাধ্যায় ও দলের কোচ রিকি পন্টিং ঘুরে গিয়েছেন কলকাতা থেকে। কলকাতায় তারা দু’বার এসে প্রস্তুতিও নিয়েছে । সামনেই আইপিএল প্রতিযোগিতার ওপেনার বেছে ফেলেছে দল। কোন ক্রিকেটারের উপর বেশি জোর দেওয়া হবে, সেটাও ঠিক করে ফেলেছে দল।
দলের কোচ রিকি পন্টিং জানিয়েছেন, “অধিনায়ক ডেভিড ওয়ার্নারকেই আসন্ন মরসুমে ওপেন করতে দেখা যাবে। আমি চাই না ওয়ার্নার চারে ব্যাট করুক। আইপিএলের ইতিহাসে ও সবচেয়ে সফল ওপেনারদের এক জন। গত বছর দিল্লির হয়ে কেমন খেলেছে সেটা সবাই দেখেছি। অনেক ম্যাচে ও সবচেয়ে বেশি রান করেছে। প্রথম দিকে নামলে খেলাটাকে অন্য জায়গায় পৌঁছে দেবে ওয়ার্নার।”
ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ের ম্যাচ গুলিতে দারুণ ফর্মে ছিলেন অজি ক্রিকেটার মিচেল মার্শ। দিল্লির হয়ে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। এমনটাই জানালেন দলের কোচ রিকি পন্টিং। পন্টিং এও বলেন যে, “ও আমাদের দলে উপরের দিকে ব্যাট করবে। আবার বলও করবে। সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে খেলতে নামছে ও। নভেম্বরে গোড়ালিতে অস্ত্রোপচারের পর অস্ট্রেলিয়ায় তিন-চার মাস বিশ্রাম নিয়েছে। এখন পুরো ফিট। জানি যে খুব বেশি ম্যাচে ও বল করেনি। কিন্তু আইপিএলে ওকে বল করতে দেখা যাবে।”
দিল্লির কোচ আরও একজন ক্রিকেটারের উপর ভরসা রেখেছেন। তিনি হলেন পৃথ্বী শ। তিনি ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক কালে দারুণ ফর্মে ছিলেন। দলের কোচের সাথে তাঁর সম্পর্কটাও বেশ ভাল। কোচ রিকি পন্টিং বলেন, “এনসিএ-তে অনুশীলন করছে ও। এখন যে ছন্দে রয়েছে সেটা আগে কোনওদিন দেখিনি। শারীরিক ভাবেও খুব ফিট। সে দিনও ওর মানসিকতা নিয়ে কথা হচ্ছিল। আমার বিশ্বাস, এ বার আইপিএল ওর কাছে সবচেয়ে ভাল যাবে।”
দলের এমন প্রস্তুতিতে অনেকটাই খুশি হয়েছেন দিল্লি ক্যাপিটালসের সাপোর্টাররা।







