করম পুজোর বিসর্জন ঘিরে মর্মান্তিক দুর্ঘটনা ঝাড়খণ্ডে। পৃথক দু’টি ঘটনায় জলে তলিয়ে মৃত্যু হল মোট ৬ জন শিশু-কিশোরীর। বুধবার এই দুর্ঘটনাগুলি ঘটে রাজ্যের দুই এলাকায়।
‘করম ডালি বিসর্জন’ বা ‘করম বিসর্জন’ হল করম উৎসবের শেষ এবং গুরুত্বপূর্ণ একটি আচার। ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, অসম ও বিহার-সহ একাধিক রাজ্যে এই উৎসব পালিত হয়। ফসল ও প্রকৃতিকে ঘিরে আয়োজিত এই উৎসবে মূলত আদিবাসী সম্প্রদায় এবং কৃষিজীবী মানুষ অংশ নেন। বুধবার ছিল করম পুজোর বিসর্জন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পালামু জেলার বোক্যা এলাকায় কোয়েল নদীতে করম ডালি বিসর্জন দিতে গিয়ে দুর্ঘটনা ঘটে। বুধবার সকালে বিসর্জনের সময় আচমকাই স্রোতের টানে তলিয়ে যায় পাঁচ শিশু। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণ তল্লাশির পর চার শিশুর দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও একজনের খোঁজে তল্লাশি চলছে। তাঁরও মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে, নানি ঝারিয়া এলাকাতেও করম ডালি বিসর্জনের সময় ঘটে আরও একটি দুর্ঘটনা। জলে তলিয়ে মৃত্যু হয় ১৫ বছরের এক কিশোরীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দলের যৌথ তৎপরতায় পরে কিশোরীর দেহ উদ্ধার করা হয়।
পরপর দুই দুর্ঘটনায় করম উৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে।







