রাজ্য

‘অনুদান নিলে মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি আবশ্যক’, বিতর্কে উদয়শংকর, নির্দেশ অস্বীকার দিলীপ-সুকান্তের

সরকারি অনুদান গ্রহণ করলে দুর্গাপুজোর মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি রাখা বাধ্যতামূলক—বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয়শংকর বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর স্পষ্ট বক্তব্য, এমন কোনও নির্দেশ সরকারের তরফে দেওয়া হয়নি।

মঙ্গলবার সাঁইথিয়ায় দুর্গাপুজো কমিটিগুলিকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানেই উদয়শংকর বন্দ্যোপাধ্যায় বলেন, যে সমস্ত পুজো কমিটি সরকারি অনুদান নেবে, তাদের মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি রাখতে হবে। কেউ অনুদান নেওয়ার পরও ছবি না লাগালে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। আর তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক।

এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর ছবি না লাগালে সরকারি অনুদান দেওয়া হবে না—এমন শর্ত আগের সরকারের সময়ে ছিল। তাঁর দাবি, সেই সময় অনুদানের টাকা নিয়েও ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ উঠত। তবে বর্তমান সরকার এমন কোনও নির্দেশ দেয়নি বলেই স্পষ্ট করে জানান তিনি। দিলীপের কথায়, ‘‘আমাদের সরকার এরকম করবে না। আগে এটা শর্ত দেওয়া হত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না লাগালে পয়সা দেওয়া হত না। আমাদের সরকার এমন কোনও নির্দেশ দেয়নি যে মুখ্যমন্ত্রীর ছবি লাগাতে হবে। মা দুর্গার পুজো করছেন, ভালো করে করবেন।’’

একই সুর শোনা গিয়েছে সুকান্ত মজুমদারের গলাতেও। তাঁর বক্তব্য, দুর্গাপুজোর মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি রাখার বিষয়ে সরকারের তরফে কোনও নির্দেশ দেওয়া হয়নি। ফলে এ নিয়ে কোনও প্রশ্নই ওঠে না বলেই জানান তিনি।

উল্লেখ্য, আগের সরকারের আমলে দুর্গাপুজোর মণ্ডপগুলিতে বিভিন্ন সরকারি প্রকল্প ও প্রচারের বিজ্ঞাপন দেখা যেত। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’, ‘কন্যাশ্রী’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’-সহ একাধিক সরকারি প্রকল্পের প্রচারের পাশাপাশি তৎকালীন মুখ্যমন্ত্রীর ছবিও থাকত বহু মণ্ডপে।

তবে এবার সেই একই ধরনের কোনও নির্দেশ নেই বলেই দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের বক্তব্যে স্পষ্ট করা হয়েছে। ফলে বীরভূমের জেলা সভাপতির মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে আপাতত দলের শীর্ষ নেতৃত্বের অবস্থানও প্রকাশ্যে এল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.