দুর্গাপুজোর আগে শ্রমিকদের জন্য এল বড় সুখবর। শিল্পাঞ্চলের স্পঞ্জ আয়রন, ফেরো-অ্যালয়, ইন্ডাকশন ফার্নেস ও রোলিং মিলের শ্রমিকদের বোনাস এবং অতিরিক্ত অর্থ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসানসোলে শ্রম দফতরের উদ্যোগে শ্রমিক সংগঠন ও মালিকপক্ষকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়। ২০২৫-২৬ অর্থবর্ষে শ্রমিকদের প্রকৃত প্রাপ্ত মজুরির ভিত্তিতে নিয়ম মেনে বোনাস দেওয়া হবে। বিভিন্ন শ্রেণির শ্রমিকদের ক্ষেত্রে বোনাসের হার থাকছে ১৪ থেকে ১৯ শতাংশ।
শুধু বোনাস নয়, এর সঙ্গে সর্বোচ্চ ১১০০ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থও দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই চুক্তির ফলে রাজ্যের প্রায় দেড় লক্ষ শ্রমিক উপকৃত হবেন বলে জানা গিয়েছে।
পুজোর মুখে এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরেছে শ্রমিক মহলে। পাশাপাশি চা-বাগান শ্রমিকদের জন্যও ২০ শতাংশ বোনাসের অ্যাডভাইজারি জারি হয়েছে। বন্ধ চা-বাগান খোলার উদ্যোগ ঘিরেও নতুন করে আশার আলো দেখছেন শ্রমিকরা।







