কলকাতা

নিরাপত্তা কমানোর অভিযোগ, হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ‘শান্তিনিকেতন’-এর সামনে থেকে সরিয়ে নেওয়া হয়েছে পুলিশ কিয়স্ক। একই সঙ্গে বাড়ির নিরাপত্তা ব্যবস্থাতেও কাটছাঁট করা হয়েছে বলে অভিযোগ। সরানো হয়েছে কিয়স্কের পাশাপাশি স্ক্যানার-সহ নিরাপত্তার বেশ কিছু সরঞ্জাম। এর আগে অভিষেকের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করে সাংসদদের জন্য নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থাই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার সেই নিরাপত্তা নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ।

সোমবার আদালতে মামলাটির জরুরি শুনানির আবেদন করেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তাঁর বক্তব্য, তাঁর মক্কেল প্রধান বিরোধী দলের সাধারণ সম্পাদক। বিধানসভা নির্বাচনের আগে তিনি জেড প্লাস নিরাপত্তা পেতেন। কিন্তু নির্বাচনের পর সেই নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। একাধিকবার অভিষেক আক্রান্ত হয়েছেন বলেও আদালতে দাবি করেন তাঁর আইনজীবী। বর্তমানে কয়েক জন হাউস গার্ড ছাড়া তাঁর সঙ্গে কোনও নিরাপত্তারক্ষী নেই বলেও জানান তিনি। তাই বিষয়টির দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে।

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ধাপে ধাপে অভিষেকের নিরাপত্তা কমানো হয়েছে বলে অভিযোগ। মে মাসে তাঁর অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়। জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়ার পর সাংসদদের জন্য কেন্দ্রীয় সরকারের নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থাটুকু রাখার সিদ্ধান্ত হয়। এর পর সম্প্রতি তাঁর বাড়ির সামনে থেকেও পুলিশ কিয়স্ক সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।

উল্লেখ্য, দলের এক মৃত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে সোনারপুরে গিয়েছিলেন অভিষেক। সেই সময় তাঁকে হেনস্থার অভিযোগ ওঠে। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও ঘটে। ওই ঘটনার পরই তাঁর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। ফের একই ধরনের কোনও ঘটনা ঘটার আশঙ্কা থেকেই কি তড়িঘড়ি আদালতের দ্বারস্থ হলেন অভিষেক? তা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.