নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনের পর ‘আক্রান্ত’ দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শুক্রবার তুফানগঞ্জ এক নম্বর ব্লকের বালাভুত গ্রাম পঞ্চায়েত এলাকায় দলের কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে যান সেলিম। দলীয় কর্মীরা অভিযোগ তোলেন,ভোট পরবর্তী অশান্তির জেরে সিপিএম কর্মীদের বাড়ি ভাঙচুর হলেও দলীয় নেতৃত্বকে পাশে পাওয়া যায়নি। বাধ্য হয়ে সিপিএম কর্মীরা অসম এবং বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে কার্যতই চাঞ্চল্য ছড়ায়।ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিপিআইএম-এর অভিযোগ,কিছু দুষ্কৃতী ঝামেলা করছিল। আবার অন্যদিকে তৃণমূলের পালটা অভিযোগ, বাম আমলে তাঁদের দুষ্কৃতীরা সাধারণ মানুষকে খুন করেছে। এদিন বাম নেতারাই এখানে এসেছেন।
জোড়াফুল শিবিরের মতে, বিক্ষোভ দেখিয়েছেন আম জনতা। আর সিপিআইএম নেতাদের কথাতে বিক্ষোভ দেখিয়েছে দুষ্কৃতীরা। তবে এসব অভিযোগ ছাপিয়ে যা প্রকাশ্যে উঠে আসছে তা হল,সেলিমের মুখে আক্রান্ত কর্মী বা বিক্ষোভ কোনও কিছুতেই তৃণমূল কংগ্রেসের নাম না নেওয়া।







