আবহাওয়া

সোমবার পর্যন্ত স্বস্তি নেই! বৃষ্টিতে নাজেহাল কলকাতা-সহ গোটা বাংলা

বর্ষার সক্রিয়তার জেরে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই শুরু হয়েছে টানা বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন হয়ে পড়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়াবিদদের মতে, বর্ষাকালীন অক্ষরেখা বর্তমানে দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাবেই আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা। শহরের সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, উল্টোডাঙা আন্ডারপাস, বিমানবন্দর সংলগ্ন ভিআইপি রোড-সহ একাধিক এলাকায় জল জমেছে। কোথাও কোথাও যান চলাচল ধীর হয়ে পড়েছে। কিছু রুটে স্থানীয় ট্রেন পরিষেবাও প্রভাবিত হলেও মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতা ও আশপাশের এলাকায় প্রায় ২৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। শহরের বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রায় ৯৮ শতাংশ, ফলে অস্বস্তিও বেড়েছে। সোমবার পর্যন্ত কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে বলে পূর্বাভাস।

অন্যদিকে, উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। বাংলাদেশের দিকে সক্রিয় একটি ঘূর্ণাবর্ত এবং বর্ষার অক্ষরেখার প্রভাবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকায় প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী কয়েক দিনও বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। তাই জল জমা, যানজট, নদীর জলস্তর বৃদ্ধি এবং পাহাড়ি এলাকায় ধসের মতো পরিস্থিতির কথা মাথায় রেখে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া অযথা বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.