পথ দুর্ঘটনার মুখে পড়লেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। ডানকুনি টোল প্লাজার কাছে তাঁর গাড়িতে একটি লরি ধাক্কা মারে। তবে দুর্ঘটনায় শতরূপ ঘোষের কোনও গুরুতর চোট লাগেনি বলেই জানা গিয়েছে। তিনি সুস্থ রয়েছেন।
তবে এই প্রথমবার নয়, এর আগেও পথ দুর্ঘটনার শিকার হয়েছিলেন বাম নেতা। ২০২৩ সালে আলিপুর রোডের একটি সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাঁর গাড়িতে পিছন দিক থেকে একটি গাড়ি ধাক্কা মারে। টার্নিং পয়েন্টে হওয়া সেই দুর্ঘটনায় শতরূপের গাড়ির সামনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। গাড়িতে থাকা তাঁর স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্য অবশ্য অক্ষত ছিলেন।
সেই ঘটনায় শতরূপ ঘোষের অভিযোগ ছিল, যে গাড়িটি তাঁর গাড়িতে ধাক্কা মেরেছিল, সেটি ছিল ‘আইপিএস ওয়েলফেয়ার সোসাইটি, ওয়েস্ট বেঙ্গল’-এর গাড়ি। তাঁর আরও দাবি ছিল, ধাক্কার পর ওই গাড়ির চালক তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন শতরূপ।
ওই ঘটনার পর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মন্তব্যও করেছিলেন শতরূপ ঘোষ। তাঁর বক্তব্য ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে সামান্য ধাক্কা লাগলেও ষড়যন্ত্রের তত্ত্ব সামনে আনা হয়। তবে নিজের ক্ষেত্রে তিনি এমন কোনও অভিযোগ তুলছেন না বলেও জানিয়েছিলেন। এমনকি তাঁকে খুনের চেষ্টা করা হয়েছিল, এমন দাবিও তিনি করছেন না বলে স্পষ্ট করেছিলেন। তাঁর প্রশ্ন ছিল, গাড়িটি আইপিএসদের বলে কি সাধারণ মানুষকে হেনস্থার মুখে পড়তে হবে?







