রাজনীতি

‘জ্ঞানেশ কুমারকে সরাতেই হবে’, দিল্লির মঞ্চ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মমতার তীব্র আক্রমণ

দিল্লিতে ইন্ডি জোটের হাই-ভোল্টেজ বৈঠকের পর আয়োজিত যৌথ সাংবাদিক বৈঠক থেকে নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাড়্গে, সোনিয়া গান্ধী-সহ বিরোধী জোটের শীর্ষ নেতাদের উপস্থিতিতে তিনি অবিলম্বে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানান। তাঁর হুঁশিয়ারি, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে এবং তা মাটি থেকে আকাশ, এমনকি চাঁদ-সূর্য পর্যন্ত পৌঁছে যাবে।

সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের ভূমিকা এবং ইভিএম ব্যবস্থার বিরুদ্ধেও একাধিক অভিযোগ তোলেন মমতা। তাঁর দাবি, গোটা নির্বাচন প্রক্রিয়াই হাইজ্যাক করা হয়েছে এবং ভোট গণনাতেও কারচুপি হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “হাইজেকিং কিয়া, কাউন্টিং রিগিং কিয়া। কেয়া নহি কিয়া হ্যায়! ইস্কে লিয়ে, হি মাস্ট রিজাইন ইমিডিয়েটলি!”

এদিন নির্বাচন কমিশনের কার্যকলাপ এবং প্রযুক্তিগত কারচুপি নিয়েও বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। সীমা খান্না নামে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, কেন ইভিএম মেশিন জ্বালানো হয়েছিল এবং ওই সীমা খান্না কে? তাঁর অভিযোগ, ওই সফটওয়্যার কোথা থেকে আনা হয়েছিল, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

মমতার আরও দাবি, একটি বিশেষ সফটওয়্যার তৈরি করে গোটা নির্বাচনী ব্যবস্থাকে কার্যত অচল করে দেওয়ার চেষ্টা হয়েছে। তাঁর অভিযোগ অনুযায়ী, শুধু পশ্চিমবঙ্গেই প্রায় ৯২ লক্ষ ভোট বা ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। গোটা দেশে এই সংখ্যা ১৩ কোটিরও বেশি বলে দাবি করেন তিনি। এই পরিস্থিতিতে জ্ঞানেশ কুমারের মুখ্য নির্বাচন কমিশনারের পদে থাকার অধিকার নেই বলেও মন্তব্য করেন মমতা।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন যে আগামী দিনে আরও জোরদার হতে চলেছে, তা এদিনের সাংবাদিক বৈঠক থেকেই স্পষ্ট করে দেন তিনি। মমতার বক্তব্য, জ্ঞানেশ কুমার পদ থেকে না সরলে আন্দোলন আরও দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে। এই লড়াইয়ে বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধভাবে পথে নামার আহ্বান জানান তিনি।

ইন্ডি জোটের ঘোষিত যৌথ কর্মসূচিতেও সাধারণ মানুষকে যুক্ত হওয়ার ডাক দেন মমতা। তাঁর কথায়, তাঁরা লড়াই চালিয়ে যাবেন এবং গণতন্ত্র ফিরিয়ে আনার পাশাপাশি সংবিধান রক্ষার জন্যও আন্দোলন করবেন। একই সঙ্গে দেশের ছাত্র, যুব, মহিলা এবং সংবাদমাধ্যমের কাছেও এই আন্দোলনে পাশে থাকার আবেদন জানান তিনি।

দিল্লির যৌথ সাংবাদিক বৈঠক থেকে বিরোধী জোটের বার্তা, নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত ইস্যুতে আগামী দিনে সংসদ থেকে রাজপথ—সর্বত্রই আন্দোলন আরও জোরদার করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.