রাজনীতি

তাপস মণ্ডলের মন্তব্যে ক্ষুব্ধ সায়নী ঘোষ, পাঠালেন আইনি নোটিস

নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানো নিয়ে কড়া অবস্থান, প্রয়োজনে আদালতে যাওয়ার হুঁশিয়ারি সাংসদের

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ও চর্চিত ‘মিডলম্যান’ তাপস মণ্ডলের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তাঁর অভিযোগে নিজের নাম টেনে আনার প্রতিবাদ জানিয়ে এবার আইনি পথে হাঁটলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। তিনি তাপস মণ্ডলের বিরুদ্ধে মানহানির নোটিস পাঠিয়েছেন বলে জানিয়েছেন।

সায়নীর দাবি, গত কয়েক বছর ধরে তাপস মণ্ডল বারবার তাঁর ব্যক্তিগত জীবন, সম্পত্তি এবং রাজনৈতিক সম্পর্ক নিয়ে কোনও প্রমাণ ছাড়াই প্রকাশ্যে একাধিক মন্তব্য করেছেন। তাঁর কথায়, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার উদ্দেশ্যেই করা হয়েছে।

সাংসদ আরও জানান, ২০২৩ সালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে তিনি হাজির হয়ে প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিয়েছিলেন এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করেছিলেন। এরপর আর কোনও তদন্তকারী সংস্থা তাঁকে তলব করেনি কিংবা কোনও দুর্নীতির মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগও আনেনি।

সায়নী ঘোষের বক্তব্য, একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের কাছে তাঁর জবাবদিহি রয়েছে। তাই তাঁর সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো হলে তা আর উপেক্ষা করা সম্ভব নয়। তিনি স্পষ্ট জানিয়েছেন, নোটিসের জবাব না পেলে আইনের পথে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন।

অন্যদিকে, সম্প্রতি তাপস মণ্ডল দাবি করেছিলেন যে বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ নাকি সায়নী ঘোষের জন্য বিভিন্ন খরচ করতেন এবং তাঁকে ফ্ল্যাট ও গাড়ি দিয়েছিলেন। একইসঙ্গে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তোলেন। তবে এই সমস্ত অভিযোগের পক্ষে তিনি কোনও প্রমাণ প্রকাশ্যে আনেননি।

এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। এখন তাপস মণ্ডল আইনি নোটিসের কী জবাব দেন এবং পরবর্তী সময়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.