প্রকৃতির রোষের বলি উত্তরবঙ্গ। ব্রিজ ভেঙে , রাস্তাঘাট ধসে , একেবারে বিপর্যস্ত গোটা উত্তর । এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সোমবারই উত্তরবঙ্গে গমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । তবে এই সফর নিয়েও নিশানা করতে ছাড়েনি বিরোধীরা । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায় – কোন বিষয়কে অগ্রাধিকার দেওয়া উচিৎ , তা বোঝেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
শুভেন্দু অধিকারী এদিন , সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে লেখেন , “মুখ্যমন্ত্রী চটজলদি উত্তরবঙ্গ যেতে আগ্রহী নন কেন জানেন ! সেখানে ডিভিসি নামক বলির পাঁঠা নেই দোষারোপ করার জন্যে? নাকি ওখানে গিয়েও চিন, ভূটান, নেপালের বহিরাগত জল এর তত্ত্ব দেবেন?” মমতা বন্দ্যোপাধ্যায় খালি অন্যের ওপর দোষ চাপান, এমনই কটাক্ষ শুভেন্দুর ।
উল্লেখ্য , একই সুর শোনা গিয়েছে , বিজেপি নেতা দিলীপ ঘোষের মুখেও । দিলীপ ঘোষ বলেন , “এখন গিয়ে আর কী হবে ছবি তোলা ছাড়া ? কত মানুষ ভেসে গিয়েছে…দু’তিন বছর আগে দেখেছিলাম ঠিক এই সময় কত মানুষ ভেসে গিয়েছিলেন। নদীতে বিসর্জন দিতে গিয়ে কত মানুষ ভেসে যান। তখনও সরকার ব্যবস্থা নেয়নি। খালি অন্যের ঘাড়ে চাপানো হয়।”
তবে মমতা বন্দ্যোপাধ্যায় , রবিবারই জানিয়ে দিয়েছিলেন , “আজ যেহেতু পুজোর কার্নিভাল আছে, এখানেও প্রায় ১০০টা পার্টিসিপেট করে কাল জেলারগুলো হয়ে গিয়েছে। সেখানে যদি আমরা না থাকি খারাপ দেখায়। কারণ অনুষ্ঠান আমাদের সবাইকে ঘিরে। সুতরাং এটাও একটা ব্যাপার আছে বাংলার ঐতিহ্য। কাল বেলা তিনটের মধ্যে পৌঁছে মনিটরিং করে নেব।”







