রাজ্য বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হতেই উত্তরবঙ্গের মাটি থেকে প্রচার অভিযান শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কোচবিহারের রাসমেলা ময়দানে বিজেপির ‘বিজয় সংকল্প সভা’-র মঞ্চ থেকে তিনি তৃণমূলকে নিশানা করে একের পর এক অভিযোগের তির ছুড়ে দেন।
শুরুতেই বাংলায় বক্তব্য রেখে জনতার সঙ্গে যোগসূত্র গড়ে তোলার চেষ্টা করেন মোদী। এরপরই মূল আক্রমণাত্মক সুর—“এই মুহূর্তে তৃণমূলই ভয়ে রয়েছে,” দাবি প্রধানমন্ত্রীর। তাঁর কথায়, ব্রিগেডের পূর্ববর্তী সভার পর থেকেই রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে।
মোদীর বক্তব্য, কোচবিহারের সাড়াই স্পষ্ট করছে—রাজ্যবাসী পরিবর্তনের পক্ষে মত দিচ্ছে। তিনি বলেন, “বাংলায় সরকার গড়লে তৃণমূলের পাপের ঘড়া খুলে হিসেব হবে। বেছে বেছে সমস্ত দুর্নীতির জবাব নিতে হবে।”
অনুপ্রবেশ প্রসঙ্গেও তৃণমূল সরকারকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। অভিযোগ, বহিরাগতদের আশ্রয় ও প্রশাসনিক মদতেই রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। ভবিষ্যতে সীমান্ত সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
তাঁর দাবি, বর্তমান শাসনে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, যা নির্বাচনের পর আর থাকবে না। “ভয়ের বদলে ভরসা ফিরিয়ে দেওয়া—এই আমাদের লক্ষ্য,” বলেন মোদী।
সব মিলিয়ে উত্তরবঙ্গের মঞ্চ থেকেই প্রধানমন্ত্রীর বার্তা স্পষ্ট—২০২৬-এর লড়াইয়ে বিজেপির প্রধান এজেন্ডা হল ‘পরিবর্তন’, এবং সেই পরিবর্তন আনার সংকল্পেই শুরু হল তাঁদের প্রচার অভিযান।







