আর মাত্র পাঁচ দিনের অপেক্ষা। ইতিমধ্যে বেশ কয়েকটা প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় জমে উঠেছে। এই উৎসবের আনন্দের মধ্যেই ছেয়ে গেল শোকের অন্ধকার। নকশালবাড়ির চৌরঙ্গী বাজারে রবিবার রাতে হঠাৎ আগুন ধরে যায়। তাতেই পুড়ে নষ্ট হয়ে যায় ৬০ টা দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল কর্মীরা।
গতকাল রাত ৯ টা নাগাদ আগুন লেগে যায়। ক্রমশ ভয়াবহ রূপ নিতে থাকে সেই আগুন। মুহূর্তেই পুড়ে যায় বেশ কয়েকটা দোকান। আগুনের গ্রাসে চলে যাওয়ায় চিন্তিত ব্যবসায়ীরা। তবে কোনো ব্যাক্তির হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে দুটো দমকল ইঞ্জিন এসে পৌঁছায়। তাতে আগুন নেভাতে বেশ কিছুটা সময় লাগে।
এক ব্যবসায়ীর কথায়, ‘ যদি আরও কয়েকটা দমকল আসতো তাহলে আমাদের এতটা ক্ষতি হতো না। ‘ তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণ লুকিয়ে আছে এই ভয়াবহ ঘটনার পিছনে, গোটা বিষয়টি খতিয়ে দেখতে তৎপর হয়েছে দমকল আধিকারিকরা।







