জেলারাজনীতি

অফিসে ভাঙচুর, অনুব্রতের কলার ধরে হেনস্থা! অভিযোগ না হওয়ায় ছাড়া পেল ৩ যুবক

নিজের গড় বীরভূমেই নজিরবিহীন পরিস্থিতির মুখে পড়লেন অনুব্রত মণ্ডল। সিউড়িতে তাঁর পার্টি অফিসে ঢুকে ভাঙচুর এবং তাঁকে হেনস্থার অভিযোগ ওঠা তিন যুবকের বিরুদ্ধে শেষ পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশ সূত্রে খবর, অভিযোগ না থাকায় তিনজনকেই ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার রাতে সিউড়িতে অনুব্রত মণ্ডলের নিজস্ব অফিসে আচমকাই ঢুকে পড়ে কয়েকজন যুবক। এরপরই শুরু হয় তাণ্ডব। অফিসের এসি, টেবিল-চেয়ার-সহ একাধিক জিনিসপত্র ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাতে চ্যালা কাঠ নিয়ে অনুব্রতের টেবিলে আঘাত করতে থাকে যুবকেরা। তাঁকে আঙুল তুলে হুঁশিয়ারিও দেওয়া হয়। এমনকী একসময় অনুব্রতের পাঞ্জাবির কলার ধরে টানাটানির ঘটনাও ঘটে।

২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচন থেকে ২০২২-এর পুরসভা নির্বাচন পর্যন্ত বীরভূমের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ছিলেন অনুব্রত। তাঁর বক্তব্য নিয়ে একাধিকবার রাজ্য রাজনীতিতে চর্চা হয়েছে। সেই অনুব্রতকেই বুধবার রাতে কার্যত অসহায় অবস্থায় দেখা যায়। হামলাকারীদের সামনে হাতজোড় করে তাঁকে বলতে শোনা যায়, “আমার কোনো ভুল থাকলে ক্ষমা করে দিও।” যদিও তাতেও থামেনি যুবকেরা। বরং আরও ৫০ জনকে ডেকে আনার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

গোটা ঘটনার মধ্যেই অনুব্রতকে বলতে শোনা যায়, “আমি অভিষেককে পছন্দ করি না।” ঘটনার ভিডিয়োও করেন অভিযুক্তরা। এরপর কোনওরকম বাধা ছাড়াই সিউড়ির অফিস থেকে বেরিয়ে যায় তারা। পরে অনুব্রত বোলপুরে চলে যান।

এদিকে, ঘটনার ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে রাতেই তিন যুবককে চিহ্নিত করে আটক করে পুলিশ। তবে সিউড়ি থানায় তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের না হওয়ায় শেষ পর্যন্ত তিনজনকেই ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.