গৃহবধূর আত্মহত্যার পরই আত্মীয়রা আগুন লাগিয়ে দেয় তাঁর স্বামীর বাড়িতে। এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাড়িতে এবং এই আগুনে পুড়ে মৃত্যু হয় তাঁর শ্বশুর এবং শাশুড়ির। এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর,সোমবার রাতে শ্বশুরবাড়ি থেকে আনশিকা কেসরওয়ানি নামে এক মহিলার দেহ উদ্ধার হয় ঝুলন্ত অবস্থায়। গত বছর ফেব্রুয়ারিতে দাম্পত্য সম্পর্কে বাঁধা পড়েন তাঁরা। আর আনশিকার মৃত্যুর খবর পাওয়া মাত্রই দ্রুত তাঁর শ্বশুরবাড়িতে আসেন তাঁর আত্মীয়রা।
মৃত মহিলার বাড়ির লোকের অভিযোগ, ওই মহিলার ওপর মানসিক অত্যাচার করত তাঁর শ্বশুরবা়ড়ির লোক। আর এই কারণেই সে বেছে নিয়েছে আত্মহত্যার পথ। আর এইসব মতামত নিয়েই তাদের মধ্যে শুরু হয় বচসা, যার ফলস্বরূপ আনশিকার আত্মীয়রা আগুন ধরিয়ে দেয় তাঁর শ্বশুরবাড়িতে।
আর এই ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে উপস্থিত হয় দমকল বাহিনী এবং প্রয়াগরাজ সিটি পুলিশের একটি দল। সেই সময় দুই পক্ষের মধ্যে চলছিল বচসা,আর এই বচসা চলাকালীন হঠাৎই আনশিকার আত্মীয়রা আগুন ধরিয়ে দেয় তাঁর শ্বশুরবাড়িতে। তারপরে পুলিশ দমকল বাহিনীকে খবর দেয় এবং সেই মুহূর্তে পাঁচজনকে উদ্ধার করে পুলিশ। দমকল কর্মীরা আগুন নেভানোর পর পুরো বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় দুটি মৃতদেহ। মৃত দুই ব্যক্তি হলেন ওই মহিলার শ্বশুর রাজেন্দ্র কেশরওয়ানি এবং শাশুড়ি শোভা দেবী।







