বিদেশ

কঙ্গোর মাঝনদীতে মুখোমুখি দুই নৌকা, ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩০

মাঝনদীতে আচমকাই মুখোমুখি সংঘর্ষ। কঙ্গো নদীতে দুটি নৌকার ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ৩০ জনের। দুর্ঘটনার পর এখনও বহু যাত্রীর কোনও খোঁজ নেই। নিখোঁজদের সন্ধানে নদীতে শুরু হয়েছে জোরদার তল্লাশি ও উদ্ধার অভিযান।

ঘটনাটি ঘটেছে আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)-র ইকুয়েটর প্রদেশে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, রবিবার সন্ধ্যায় এনগোম্বে-লুকোলেলা এলাকার কাছে কঙ্গো নদীর উপর দিয়ে যাওয়ার সময় দুটি নৌকার মধ্যে সংঘর্ষ হয়।

প্রশাসন সূত্রে খবর, ‘দিও সে কাশে’ নামে একটি নৌকা রাজধানী কিনশাসা থেকে আসছিল। বিপরীত দিক থেকে আসছিল ‘এইচবি সুপার ভিক্টোয়ার’ নামে একটি কাঠের নৌকা। নদীর মাঝখানে আচমকাই দু’টির সংঘর্ষ হয়। ধাক্কার পর একটি নৌকা ডুবে যায় এবং বহু যাত্রী জলের মধ্যে তলিয়ে যান।

ইকুয়েটর প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসপিন এমপুতুর দাবি, এখনও পর্যন্ত ৩০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের সমাধিও দেওয়া হয়েছে। তবে কতজন এখনও নিখোঁজ, সেই সংখ্যা এই মুহূর্তে নিশ্চিত নয়।

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রশাসনের বক্তব্য, ডিআর কঙ্গোয় রাতের অন্ধকারে নৌযান চলাচল করার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার ক্ষেত্রেও অন্ধকারের ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, এক প্রত্যক্ষদর্শীর দাবি, কিনশাসা থেকে আসা নৌকাটিতে বিপুল পরিমাণ পণ্য বোঝাই ছিল। অতিরিক্ত বোঝাইয়ের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় আসতে পারে।

এখন নদীতে নিখোঁজ যাত্রীদের সন্ধানে চলছে তল্লাশি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.