রথযাত্রার দিনে দিঘাগামী পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শোকের ছায়া। দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের হেঁড়িয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বেসরকারি বাসের পিছনে দ্রুতগতির একটি লরি সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকদের মতে, তাঁদের অবস্থা সংকটজনক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃতদের নাম তপন দাস (৪৪), শিবব্রত পট্টনায়েক (৫৯), অশোক মাইতি এবং শুভদীপ মণ্ডল। তপন দাস বাসটির মালিক এবং তাঁর বাড়ি বাজকুলে। শিবব্রত পট্টনায়েক ছিলেন বাসচালক, তাঁর বাড়ি দিঘায়। অশোক মাইতি ও শুভদীপ মণ্ডল বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন। অশোকের বাড়ি ভূপতিনগরে এবং শুভদীপের বাড়ি বাজকুলে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হাওড়া থেকে দিঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাসটি। বৃহস্পতিবার ভোরে হেঁড়িয়া এলাকায় পৌঁছনোর পর বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেই কারণে রাস্তার ধারে বাসটি থামিয়ে মেরামতির কাজ শুরু করেন চালক, মালিক এবং অন্যান্য কর্মীরা। ঠিক সেই সময় পিছন দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে বাসের পিছনে থাকা ব্যক্তিরা গুরুতরভাবে আহত হন।
দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক চারজনকে মৃত বলে ঘোষণা করেন। আহত আরও তিনজনের চিকিৎসা চলছে। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে আটক করেছে খেজুরি থানার পুলিশ। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।







