মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দিল্লির রাজপথে নামল ইন্ডিয়া জোট। সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত বিরোধীদের মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায় রাজধানীতে। কর্মসূচিতে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও প্রিয়ঙ্কা গান্ধি, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিরোধী দলের শীর্ষ নেতা-নেত্রী।
মিছিল এগিয়ে যাওয়ার পথে পুলিশ বাধা দিলে রাস্তাতেই বসে পড়েন বিরোধী দলের নেতারা ও কর্মীরা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়ে স্লোগানও দেন তাঁরা। এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা।
বিরোধীদের এই কর্মসূচির কথা মাথায় রেখে রাজধানীতে ৩,০০০-এর বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেওয়া হলেও সংসদ ভবন, পার্লামেন্ট স্ট্রিট গোলচত্বর এবং নির্বাচন কমিশনের দফতরের আশপাশে বিশেষ নজরদারি রাখা হয়েছে। নিরাপত্তার জন্য ২৭ কোম্পানি পুরুষ পুলিশ এবং চার কোম্পানি মহিলা পুলিশকর্মী মোতায়েন রয়েছে। সাধারণত একটি পুলিশ কোম্পানিতে প্রায় ১০০ থেকে ১১৫ জন সদস্য থাকেন।
এছাড়াও গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনগুলির প্রবেশপথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাম্প্রতিক সময়ে দিল্লিতে একাধিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিবাদ কর্মসূচির পরিপ্রেক্ষিতেই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে।
মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে সামনে রেখে এই মিছিলের মাধ্যমে বিরোধীরা যে নিজেদের রাজনৈতিক চাপ আরও বাড়াতে চাইছে, তা স্পষ্ট। মঙ্গলবারের কর্মসূচি ঘিরে রাজধানীর রাজনৈতিক উত্তাপও যথেষ্ট বেড়েছে।







