একদিকে যখন ক্রিকেটপ্রেমীদের চোখ এশিয়া কাপের দিকে, তখনই দেশকে কাঁপিয়ে দিল এক ভয়াবহ খবর। জম্মু-কাশ্মীরের তরুণ প্রতিভাবান ক্রিকেটার ফারিদ হুসেনের মর্মান্তিক মৃত্যু ঘিরে শিউরে উঠছে দেশবাসী। যে ছেলেটি একদিন জাতীয় দলে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখত, হঠাৎ এক দুর্ঘটনা সেই স্বপ্নকেই চূর্ণ করে দিল। মৃত্যুর আগে তাঁর শেষ মুহূর্তগুলির হাড়হিম করা ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে, যা ইতিমধ্যেই ভাইরাল। সাধারণ রাস্তার একটি মুহূর্ত যে কীভাবে প্রাণঘাতী হয়ে উঠতে পারে, তার নির্মম প্রমাণ হয়ে রইল সেই ভিডিও।
ঘটনাটি ঘটেছে ২০ অগস্ট। ফুটেজে দেখা যাচ্ছে, স্কুটারে করে যাচ্ছিলেন ফারিদ। আচমকা রাস্তার ধারে দাঁড়ানো একটি গাড়ির দরজা সজোরে খুলে যায় তাঁর সামনে। সেকেন্ডের ভগ্নাংশে সংঘর্ষ, আর মুহূর্তেই ছিটকে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা কিছুই করতে পারেননি—সেদিনই শেষ হয়ে যায় এক সম্ভাবনাময় জীবনের পথচলা। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করতে খতিয়ে দেখা হচ্ছে ফুটেজ। এই আকস্মিক মৃত্যু শুধু জম্মু-কাশ্মীর নয়, গোটা দেশের ক্রিকেট মহলকেই স্তম্ভিত করেছে। আগামী প্রজন্মের এক সম্ভাবনা এভাবে নিভে যাওয়া—আজও মেনে নিতে পারছে না কেউ।







