রাজ্যে ফের বড়সড় নিয়োগের ঘোষণা। আগামী নভেম্বরেই পুলিশে ৯,০০০ শূন্যপদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির মাধ্যমে ৬৫০ জন গ্রুপ ‘সি’ বা ক্লার্ক নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রীর দাবি, বিভিন্ন জটিলতা ও আইনি কারণে দীর্ঘদিন ধরে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়াগুলি ধাপে ধাপে সম্পূর্ণ করা হচ্ছে। এর পাশাপাশি নতুন করে নিয়োগের প্রক্রিয়াও শুরু করা হবে। অর্থাৎ পুরনো নিয়োগের জট কাটানোর পাশাপাশি তাঁর সরকারের আমলে নতুন কর্মসংস্থানের পথও খুলছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, কলকাতা পুলিশের ৩০০ জন সাব-ইনস্পেক্টর ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন। এছাড়াও কলকাতা পুলিশের ৪,০০০ কনস্টেবল নিয়োগের ফলাফল ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। জানুয়ারিতে তাঁদের নিয়োগপত্র দেওয়ার জন্য কলকাতা পুলিশ ফের অনুষ্ঠানের আয়োজন করবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
এরপরই নতুন নিয়োগের প্রসঙ্গ তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, দীর্ঘদিন ধরে আটকে থাকা নিয়োগের জটিলতা কাটিয়ে নতুন করে নিয়োগের প্রক্রিয়াও শুরু করতে হবে। তাঁর দাবি, ৯,০০০ পুলিশ নিয়োগের নতুন বিজ্ঞপ্তি নভেম্বরের শেষ সপ্তাহে প্রকাশ করবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। ইতিমধ্যেই শেষ মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগে অনুমোদন দেওয়া হয়েছে।
পুলিশ নিয়োগের পাশাপাশি থানাগুলিতে প্রশাসনিক কাজ সামলানোর জন্য ক্লার্ক নিয়োগের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পিএসসির মাধ্যমে ৬৫০ জন গ্রুপ ‘সি’ বা ক্লার্ক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি।
সব মিলিয়ে, মুখ্যমন্ত্রীর ঘোষণায় একাধিক নিয়োগ প্রক্রিয়ার কথা উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ১১,১৩১টি পেন্ডিং এসআই পদ, কলকাতা পুলিশের ৪,০০০ কনস্টেবল পদে পরীক্ষার্থীদের ফলপ্রকাশ, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ৯,০০০ নতুন নিয়োগ এবং পিএসসির মাধ্যমে ৬৫০টি গ্রুপ ‘সি’ বা ক্লার্ক পদে নিয়োগ।







