ফ্লাই দুবাইয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এয়ার ইন্ডিয়ার বিমানে হাইজ্যাকের আতঙ্ক। জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান বুধবার ভোররাতে জরুরি ভিত্তিতে জয়পুর বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি ঘিরে হাইজ্যাকের আশঙ্কা তৈরি হওয়ায় বিমানবন্দরজুড়ে জারি করা হয় কড়া সতর্কতা। যদিও তদন্তকারী সংস্থার তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট কোনও তথ্য জানানো হয়নি। পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরে পৌঁছন বম্ব স্কোয়াড, দমকল বাহিনী এবং শীর্ষ পুলিশ আধিকারিকরা।
জানা গিয়েছে, বুধবার সকাল ৯টা ৫ মিনিট নাগাদ আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে এয়ার ইন্ডিয়ার এআই ২০৩০ বিমান থেকে জরুরি সতর্কবার্তা আসে। এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশ মেনে বিমানটির গতিপথ পরিবর্তন করে জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই জয়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। আচমকা এই ঘটনায় বিমানবন্দর চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি সেখানে পৌঁছে যায় জয়পুর পুলিশের বম্ব স্কোয়াড, দমকল এবং অন্যান্য জরুরি পরিষেবা দল। বিমানবন্দরে যান পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরাও।
মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ জার্মানি থেকে দিল্লির উদ্দেশে উড়েছিল বিমানটি। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বিমানটি যখন মুম্বই ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের (এফআইআর) আওতায় ছিল, তখন পাইলট স্কোয়াক কোড ৭৫০০ সক্রিয় করেন। আন্তর্জাতিক বিমান চলাচলের নিয়ম অনুযায়ী, এই কোড ব্যবহার করা হলে বিমানে বেআইনি হস্তক্ষেপ বা হাইজ্যাকের মতো পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যায়। সূত্রের খবর, বোয়িং ৭৮৭-৯ মডেলের বিমানটি জয়পুরে নামার পর সেটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য আলাদা আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়েছে।
মালভিয়ার সহকারী পুলিশ কমিশনার শিব দয়াল সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বোমা হামলার হুমকির পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি বিমানটির জরুরি অবতরণের বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। বিমানে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনও নিশ্চিত নয়। এই ঘটনায় এখনও পর্যন্ত এয়ার ইন্ডিয়ার তরফেও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে সূত্রের দাবি, সম্ভবত ভুলবশতই পাইলট ওই সতর্কতামূলক সুইচ সক্রিয় করে থাকতে পারেন।







