সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পরিকাঠামোকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টাকে ঘিরে চাঞ্চল্য। বুধবার পূর্বাঞ্চলীয় প্রদেশের শায়বাহ তেলক্ষেত্রে এই ঘটনা ঘটে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, হামলার চেষ্টার জেরে দুই প্রবাসী কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দু’জন, যাঁদের মধ্যে একজন ভারতীয় এবং অন্যজন পাকিস্তানের নাগরিক। একই সময়ে সৌদির একটি আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার ঘটনায় হতাহতের খবর সামনে এসেছে।
**লক্ষ্য ছিল তেল প্রক্রিয়াকরণ কেন্দ্র**
সৌদি জ্বালানি মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, শায়বাহ তেলক্ষেত্রের একটি প্রক্রিয়াকরণ কেন্দ্রের দিকে এগিয়ে আসছিল ড্রোনটি। তবে সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে লক্ষ্যবস্তুতে পৌঁছনোর আগেই ধ্বংস করে দেয়। ফলে তেলক্ষেত্রের মূল পরিকাঠামোয় সরাসরি আঘাত লাগেনি বলে জানানো হয়েছে।
তবে ড্রোন হামলার চেষ্টার সময় তেলক্ষেত্রের সীমানার বাইরে একটি ঠিকাদারি সংস্থার গাড়িতে আগুন লাগে। সেই ঘটনায় দুই কর্মীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন ফিলিপিন্সের এবং অন্যজন নেপালের নাগরিক। আহত ভারতীয় ও পাকিস্তানি নাগরিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে।
**বিমানবন্দরেও হামলার খবর**
এদিকে, সৌদি আরবের পূর্বাঞ্চলের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার ঘটনায় হতাহতের খবর জানিয়েছে সে দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ওই ঘটনায় অন্তত একজনের মৃত্যু এবং আরও আটজন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে দুই ঘটনার মধ্যে কোনও সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা স্পষ্ট নয়।
**উৎপাদনে প্রভাব পড়েনি, জানাল মন্ত্রক**
সৌদি জ্বালানি মন্ত্রকের দাবি, শায়বাহ তেলক্ষেত্রের ঘটনায় সৌদি আরামকোর স্বাভাবিক উৎপাদন ও পরিচালন ব্যবস্থায় কোনও প্রভাব পড়েনি। ঘটনার পর সংশ্লিষ্ট নিরাপত্তা ও প্রশাসনিক কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রক। আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। গুরুত্বপূর্ণ জ্বালানি পরিকাঠামো ও বিমানবন্দরকে ঘিরে পরপর হামলার খবর সামনে আসায় সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে হামলার নেপথ্যে কারা রয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।







