SIR বিতর্কের আবহেই নির্বাচন কমিশনের তরফে BLO অ্যাপে যুক্ত করা হল নতুন একটি অপশন। যদিও এই অপশনের মাধ্যমে আবেদনকারীদের যাবতীয় তথ্য ও নথি BLO অ্যাপে আপলোড করা যাবে কি না, তা নিয়ে এখনও কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
বিভিন্ন মহলের চাপের মুখে আগেই নির্বাচন কমিশন জানিয়েছিল, ভোটার তালিকা থেকে বাদ পড়া অর্থাৎ ‘ডিলেটেড’ ভোটাররা ফর্ম ৬-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। এবার সেই প্রক্রিয়াতেই আরও একটি নতুন অপশন যুক্ত হয়েছে BLO অ্যাপে। যে সমস্ত ডিলেটেড ভোটার আবেদন করবেন, তাঁদের প্রয়োজনীয় নথি BLO-রা অনলাইনে আপলোড করতে পারবেন বলে জানা যাচ্ছে। SIR প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ে BLO-রাই নথি আপলোডের কাজ করতেন। কিন্তু পরবর্তীতে একাধিক বিতর্ক তৈরি হওয়ায় দীর্ঘদিন সেই ব্যবস্থা বন্ধ রাখা হয়েছিল। এবার ফের সেই সুযোগ চালু করা হল। তবে এই ব্যবস্থার সঙ্গে ট্রাইব্যুনালের কোনও সম্পর্ক নেই।
SIR প্রক্রিয়া চলাকালীন গ্রাম থেকে শহর—বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করেছেন বুথ লেভেল অফিসার বা BLO-রা। এবার তাঁদের ব্যবহৃত অ্যাপে যুক্ত হয়েছে ‘Documents Upload Against The Appeal’ নামে একটি নতুন অপশন। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া কিংবা আপিল সংক্রান্ত বিষয়ে ভোটাররা যে আবেদন করবেন, তার সমর্থনে প্রয়োজনীয় প্রমাণপত্র ও নথি অনলাইনে আপলোড করা যাবে এই ব্যবস্থার মাধ্যমে।
SIR-এর শুনানি পর্বে বিপুল পরিমাণ নথি জমা পড়ার পর থেকেই বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার বিষয় সামনে আসে। ট্রাইব্যুনালের বিচারকদের একাংশ নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন, সংশ্লিষ্ট পোর্টালের আইটি পরিকাঠামোয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে। অতিরিক্ত নথি আপলোড করা কিংবা ভার্চুয়াল শুনানির মতো পর্যাপ্ত ডিজিটাল পরিকাঠামো না থাকায় বিচারপ্রক্রিয়াতেও সমস্যা তৈরি হচ্ছিল।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ভোটারদের আবেদনের সত্যতা যাচাই করার পর ট্রাইব্যুনালগুলি নতুন নথি গ্রহণ করতে পারে। কিন্তু পোর্টালের প্রযুক্তিগত ত্রুটির কারণে সরাসরি অনলাইনে নথি আপলোডের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা কঠিন হয়ে পড়ছিল। সেই সমস্যা দূর করে গোটা প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে অনলাইন ব্যবস্থায় একাধিক পরিবর্তন আনল নির্বাচন কমিশন।







