রাজ্য

অষ্টমীতে ‘ড্রাই ডে’, তবুও পুজোয় মদ বিক্রিতে রেকর্ড !

উৎসবের মরশুমে প্রতি বছরই মদ বিক্রির পরিমাণ কিছুটা বেড়ে যায়। তবে এবার অষ্টমীর দিন ‘ড্রাই ডে’ থাকলেও সেই প্রবণতায় কোনও ছেদ পড়েনি। বরং দুর্গাপুজোর সময়ে পূর্ব মেদিনীপুরে মদ বিক্রির পরিমাণ গত বছরের তুলনায় উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। জেলা আবগারি দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত জেলায় মোট প্রায় ৫২ কোটি ৭১ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে বিক্রির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা।

আবগারি দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের দুর্গাপুজোয় পূর্ব মেদিনীপুরে প্রায় ৩৩ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। চলতি বছরে সেই অঙ্ক বেড়ে হয়েছে ৫২ কোটি ৭১ লক্ষ টাকা। ফলে এক বছরের ব্যবধানে বিক্রি বেড়েছে প্রায় ১৯ কোটি টাকা। ব্যবসায়ীদের মতে, অষ্টমীর দিন রাজ্যজুড়ে মদের দোকান বন্ধ থাকায় বিক্রির ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়েছে। ওই দিন দোকান খোলা থাকলে মোট বিক্রি ৬০ কোটি টাকার গণ্ডিও পেরিয়ে যেতে পারত বলে তাঁদের ধারণা।

শুধু মোট বিক্রির অঙ্ক নয়, বিভিন্ন ধরনের মদের বিক্রিতেও বৃদ্ধি দেখা গিয়েছে। গত বছর পুজোর সময়ে বিদেশি মদ বিক্রি হয়েছিল প্রায় ২ লক্ষ ২৮ হাজার লিটার। এ বছর সেই পরিমাণ বেড়ে হয়েছে ৩ লক্ষ ১৩ হাজার লিটার। দেশি মদের বিক্রিও উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। ২০২৫ সালে পুজোর সময়ে ৩ লক্ষ ৩০ হাজার লিটার দেশি মদ বিক্রি হলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ লক্ষ ৬০ হাজার লিটার। পাশাপাশি, গত বছর যেখানে ৩ লক্ষ ১০ হাজার লিটার বিয়ার বিক্রি হয়েছিল, এবার সেই পরিমাণ বেড়ে হয়েছে ৩ লক্ষ ২৪ হাজার লিটার।

পূর্ব মেদিনীপুরে দিঘা, মন্দারমণির মতো একাধিক জনপ্রিয় পর্যটনকেন্দ্র রয়েছে। সেই কারণে সারা বছরই এই জেলায় মদের বিক্রি তুলনামূলক বেশি থাকে। পুজোর ছুটিতে পর্যটনকেন্দ্রগুলিতে ভিড়ও ছিল চোখে পড়ার মতো। পর্যটকদের বাড়তি আনাগাটার কারণেই উৎসবের মরশুমে মদ বিক্রির পরিমাণ আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.