২০২৪ সালের ৮ই আগস্ট ঘটে যাওয়া আরজি কর কান্ডের রেশ কাটতে না কাটতে আবারও লিফট বিভ্রাটে এক সাধারণ মানুষের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।
আবারও ফের আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মর্মান্তিক মৃত্যু। এবার হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের লিফটে আটকে প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম অরূপ বন্দ্যোপাধ্যায়, বয়স ৪০। সূত্রের খবর, মৃত ব্যক্তি দমদমের বাসিন্দা। নিজের চিকিৎসাধীন বড় ছেলেকে দেখতে স্ত্রী ও চার বছরের ছোট ছেলেকে নিয়ে লিফটে হাসপাতালের পাঁচতলায় যাচ্ছিলেন তিনি। সময়টা ছিল ভোর ৫টা। ঠিক সেই সময়ই যান্ত্রিক ত্রুটির কারণে লিফটি মাঝপথেই আটকে যায়। সেখানে উপস্থিত সকলের দাবি, তীব্র ঝাঁকুনির পর লিফটি উপরে না উঠে সরাসরি বেসমেন্টে আছড়ে পড়ে। দীর্ঘক্ষণ আটকে থাকার পর তাঁদের উদ্ধার করা হয় এবং অরূপবাবু ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন, এবং তাঁর স্ত্রী ও ছোট ছেলে সুস্থ অবস্থায় আছেন।
হাসপাতালের পরিষেবা ও রক্ষণাবেক্ষণ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনেরা। অভিযোগ, লিফটে সেই সময় কোনও চালক ছিলো না। ঘটনাস্থলে পৌঁছায় টালা থানার পুলিশ। পরিস্থিতি আরও জটিল হতে দেখে এবং হাসপাতাল চত্বরে উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী।
পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই দুর্ঘটনাটি কেন ঘটল তা খতিয়ে দেখতে কারিগরি বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে।
সূত্রের খবর,পরিবারের পক্ষ থেকে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।







