এবার ভোটের ডিউটিতে এসে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক সিআরপিএফ জওয়ান এর বিরুদ্ধে। ইতিমধ্যে কলকাতার চিৎপুরে গ্রেপ্তার করা হয়েছে ওই জওয়ানকে। অভিযোগ রবিবার রাতে ডিউটি থেকে ফেরার পথে একটি বাড়িতে ঢুকে মহিলার শ্লীলতাহানি করে ওই জওয়ান। এবং তার জেরেই গ্রেফতার হয় ওই জওয়ান।
তবে এবারের চব্বিশের ভোটে এই ঘটনাটি প্রথম নয়। এর আগেও এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগ উঠেছিল। তাকে বেধে রেখে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। পরে পুলিশ গিয়ে আটক করে তাকে।
এবারের লোকসভা ভোটে শাসক বিরোধী উভয় পক্ষই অভিযোগের বন্যা বইয়ে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট করানোর দাবিতে প্রথম থেকেই সরব ছিল গেরুয়া শিবির।সেই মতো কমিশন সবচেয়ে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল বঙ্গে। বিশেষ করে শেষ দুই দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় থেকেছে এমনটাই অভিযোগ করেছেন বিরোধীরা।







